শিক্ষা

নকলমুক্ত এসএসসি পরীক্ষা আয়োজনের নির্দেশ

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ নকলমুক্ত ও সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে জুম সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বলেন, “পরীক্ষা ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না।”

প্রতিটি পরীক্ষাকক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, “বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ বজায় রাখতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থা রাখতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে এ ব্যবস্থা সহায়ক হবে।”

মন্ত্রী বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল।”

এবারো শিক্ষকদের সহযোগিতায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষকদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, “আগেও শিক্ষকদের নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।”

খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, “খাতায় যা-ই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।”

এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতারা এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। পাশাপাশি একটি মেধাভিত্তিক জাতি গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।