শিক্ষা

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়ার দিবস উদযাপন

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগের উদ্যোগে শেক্সপিয়ার দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. গ্যাফনি বলেন, “শেক্সপিয়ারের সাহিত্যকর্ম কেবল ইংরেজি ভাষার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; বরং তা বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। মানুষের অনুভূতি, সম্পর্ক ও সমাজবাস্তবতার গভীর চিত্র তিনি তার রচনায় তুলে ধরেছেন, যা যুগে যুগে পাঠকদের অনুপ্রাণিত করে আসছে।”

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা আহমেদ বলেন, “শেক্সপিয়ারের সাহিত্য আজও সমান প্রাসঙ্গিক। তার নাটক ও কবিতার মাধ্যমে মানবজীবনের জটিলতা, নৈতিকতা ও মানসিক দ্বন্দ্ব অত্যন্ত শক্তিশালীভাবে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শেক্সপিয়ারকে জানা ও পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে শেক্সপিয়ারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, নাটকের অংশবিশেষ পরিবেশন, কবিতা আবৃত্তি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক গোলাম সরোয়ার চৌধুরী বলেন, “এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শেক্সপিয়ারের জীবনভিত্তিক সাহিত্যচর্চার আগ্রহ বাড়ার পাশাপাশি বিশ্বসাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হবে।”