বিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান জনপ্রিয় সেই শিশুশিল্পী ‘দীপু নাম্বার টু’র দীপু (অরুণ সাহা)। যদিও এখন আর সেই কিশোর দীপু নেই। সময়ের সঙ্গে বদলে গেছেন তিনি। বদলে গেছে অনেক কিছুই। তবে টিভি কিংবা বড় পর্দার যে কোন মাধ্যমে দর্শকের সামনে হাজির হতে চান এ অভিনেতা।অভিনয়ে ফিরে আসা প্রসঙ্গে রাইজিংবিডিকে দীপু বলেন, ‘অবশ্যই অভিনয়ে ফেরার ইচ্ছা আছে। এখন পরিবেশটা অনেক পাল্টে গেছে। আমি চাইলেই অভিনয়ে ফিরতে পারছি না। আরও অনেককে-ই চাইতে হবে। শুধু চলচ্চিত্রে নয়। নাটক কিংবা টেলিফিল্মেও কাজ করার ইচ্ছা রয়েছে।’তিনি আরও বলেন, ‘প্রত্যেক মানুষের মধ্যেই শিশুসত্তা থাকে। আমার মধ্যেও রয়েছে। এখনও আমি অন্তরে দীপুকে লালন করি। তাই অভিনয় বিষয়টি আমার মধ্যে রয়েই গেছে।’জনপ্রিয় কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস ‘দীপু নাম্বার টু’ অবলম্বনে নির্মাতা মোরশেদুল ইসলাম সরকারি অনুদানে নির্মাণ করেন ‘দীপু নাম্বার টু’ সিনেমাটি। ১৯৯৬ সালে মুক্তি পায় এ চলচ্চিত্রটি। মুক্তির পরপরই দেশে-বিদেশে জনপ্রিয়তা পায় এ সিনেমা। সপ্তম শ্রেণীতে পড়ুয়া দীপু নামের একটি ছেলের জীবনের চাওয়া-পাওয়া, হাসি-কান্না, সুখ-দুঃখের এক অনুপম প্রদর্শনী নিয়ে নির্মিত হয় এ সিনেমাটি। এ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন দীপু (অরুণ সাহা)। ১৩ বছর বয়সে ‘দীপু নাম্বার টু’ ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি।চলচ্চিত্রটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ায় এ সিনেমাটি। মুক্তির পর চলচ্চিত্রটি জাপানের একটি উৎসবে আমন্ত্রিত হলে জাপানে ভ্রমণেরও সুযোগ হয় দীপুর। পরবর্তীতে শ্রেষ্ঠ শিশুশিল্পীর ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।জানা যায়, দীপু মিউজিক নিয়ে কাজ করছেন। ২০১১ সাল থেকে ক্ল্যাসিক্যাল মিউজিক একাডেমি অব ঢাকার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এ ছাড়া বিটিভিতে ‘ঐকতান’, ‘চিরশিল্পের বাড়ি’ নামের একটি অনুষ্ঠানের বেশ কিছু পর্বে ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল মিউজিক পরিবেশনায় অংশগ্রহণ করেছেন তিনি। ভবিষ্যতে আরও কিছু পর্বে কাজ করবেন এ অভিনেতা। এ ছাড়া শিল্পকলা একাডেমী, ছায়ানটসহ বিভিন্ন জায়গায় অর্কেস্ট্রাল মিউজিকেও পারফর্ম করেছেন দীপু।
রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৫/শান্ত