বিনোদন

অভিনন্দনের চরিত্রে অভিনয় করতে চান অক্ষয়

বিনোদন ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানের চরিত্রে অভিনয় করতে চান অক্ষয় কুমার। কেসারি সিনেমার প্রচার করতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ অভিনেতা। সেখানেই এমনটা জানান তিনি। অক্ষয় কুমার বলেন, ‘এখন পর্যন্ত কেউ আমাকে অভিনন্দনের চরিত্রের জন্য প্রস্তাব দেয়নি, কিন্তু যদি কেউ দেন তাহলে অবশ্যই আমি অভিনয় করব। অভিনন্দন একজন সাহসী কর্মকর্তা, যিনি শত্রু দেশের সামনে নিজের সাহস দেখিয়েছেন। তার সাহসীকতা, মর্যাদা, আত্মসম্মানবোধ আমাদের গর্বিত করেছে। সুতরাং, আমি যদি তার চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, অবশ্যই সেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবো।’ সম্প্রতি জন আব্রাহামও অভিনন্দন বর্তমানের চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। র : রোমিও আকবর ওয়াল্টার সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের নিজের এই ইচ্ছার কথা জানান জন। গত ১৪ ফেব্রুয়ারি ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৬ সদস্য নিহত হয়। হামলার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ। এর কয়েকদিন পর পাকিস্তানের অন্তত ৫০ কিলোমিটার অভ্যন্তরে বালাকোট এলাকায় জঙ্গিবিমানের সাহায্যে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এতে দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়। এরই মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের আকাশে ভারতীয় যুদ্ধবিমান নিয়ে অনুপ্রবেশ করেছিলেন উইং কমান্ডার অভিনন্দন। পাকিস্তানে সেনাবাহিনীর গুলিতে ভূপাতিত হয় ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১। পরে তাকে উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয় পাকিস্তান সেনাবাহিনী। পরবর্তী সময়ে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই এই ঘটনা নিয়ে সিনেমা তৈরির গুঞ্জন শোনা যাচ্ছে। সিনেমার নাম নিয়ে নির্মাতাদের মধ্যে কাড়াকাড়ির খবরও মিডিয়ায় এসেছে। জানা গেছে, পুলওয়ামা, সার্জিক্যাল স্ট্রাইক ২.০, বালাকোট নামগুলো ইতোমধ্যে নেওয়া হয়ে গেছে। চলতি বছর মুক্তি পায় পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা উড়ি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। মাত্র ৪৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি ৩৫০ কোটি রুপির উপরে আয় করে। রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৯/মারুফ