বিনোদন প্রতিবেদক: ঢাকার চিত্র নিয়ে ১১জন তরুণ পরিচালক নির্মাণ করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। ‘কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে পুরস্কৃত হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির ক্রিয়েটিভ প্রডিউসার আবু শাহেদ ইমন বলেন, ‘‘পৃথিবীর বিভিন্ন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হচ্ছে ‘ইতি, তোমারই ঢাকা’। তারই ধারাবাহিকতায় রাশিয়ায় অনুষ্ঠিত ‘কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর চলতি আসরে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় সিনেমাটি। গতকাল মঙ্গলবার উৎসবের সমাপনী দিন ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটির পুরস্কার ঘোষণা করা হয়।’’ কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েব সাইটে দেখা যায়, সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতেছে ‘ইতি, তোমারই ঢাকা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’র পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল (শোভন)। গত ২৪ এপ্রিল তাতারস্তানের রাজধানী কাজানে শুরু হয় সাত দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই আসর। ২০০৫ সাল থেকে নিয়মিত চলছে চলচ্চিত্র উৎসবের এই আসর। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন সেমিনার, কর্মশালা, দেশি-বিদেশি নির্মাতাদের মিলন মেলায় রূপ নেয়। উৎসবে এবার ‘গ্র্যান্ড পিক্স’-এর জন্য সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে কিরগিস্তানের সিনেমা ‘সং অব দ্য ট্রি’, ‘গ্রেইন’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন তুরস্কের ‘সেমিহ কাপলাগ্লু’, সেরা ডকুমেন্টারির পুরস্কার পেয়েছে ইরানি নির্মাতা ইয়াসির তালেবির ‘ফেভারিট’। গত ফেব্রুয়ারিতে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে প্রদর্শনের পর গত মাসে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। এছাড়াও সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নেয় সিনেমাটি। সিনেমাটি প্রদর্শিত হয়েছে কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে। গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রের। ‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমাটি নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।
রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/রাহাত/শান্ত