বিনোদন

জোড়া সিনেমা দিয়ে মিষ্টি মারিয়ার অভিষেক

বিনোদন প্রতিবেদক: প্রতি বছরই ঢাকাই চলচ্চিত্রে নতুন নায়ক-নায়িকার আগমন ঘটে। এই তালিকায় এবার যুক্ত হয়েছেন মিষ্টি মারিয়া। তার অভিনীত দুটি সিনেমা আগামী ঈদুল ফিতরে দেখতে পাবেন দর্শক। এসব সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের পর্দায় প্রথম হাজির হবেন তিনি। আমীরুল ইসলাম পরিচালিত ‘আলোয় ভুবন ভরা’ ও শহীদুল আলম সাচ্চুর ‘ভালোবাসার উত্তাপ’ শিরোনামের সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন মিষ্টি। দুটি সিনেমাই প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমা প্রসঙ্গে মিষ্টি মারিয়া বলেন, ‘‘আলোয় ভুবন ভরা’ ও ‘ভালোবাসার উত্তাপ’ সিনেমা দুটিতে দুই ধরনের চরিত্রে অভিনয় করেছি। ‘আলোয় ভুবন ভরা’ সিনেমায় আমার চরিত্রের নাম আলো। এখানে চঞ্চল, দুষ্টু ও সাহসী এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটিতে অনেক বৈচিত্র্য রয়েছে। অন্যদিকে ‘ভালোবাসার উত্তাপ’ সিনেমায় আমার চরিত্রের নাম ছুটি। এটিও চঞ্চল এক মেয়ের চরিত্র। তবে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে ভালোবাসার মানুষকেও তার মনের কথা বলতে পারে না। এক সময় মেয়েটা জানতে পারে সে মারা যাবে। দারুণ একটি গল্প। দুটি সিনেমা নিয়েই আমি বেশ আশাবাদী।’’ চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান মিষ্টি। কয়েকটি নতুন সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে। সবকিছু ঠিক থাকলে এসব সিনেমায় কাজ করবেন বলেও জানান এই অভিনেত্রী।  ‘ভালোবাসার উত্তাপ’ সিনেমায় মিষ্টি মারিয়ার বিপরীতে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক ইমন। অন্যদিকে ‘আলোয় ভুবন ভরা’ সিনেমায় মিষ্টি মারিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সাইফ খান। এ ছাড়া মিষ্টি অভিনীত ‘মানুষ কেন অমানুষ হয়’ নামে একটি সিনেমার কাজ শেষ হয়েছে। এটি ছিল মিষ্টি অভিনীত প্রথম সিনেমা। আহমেদ ইলিয়াস ভুঁইয়া পরিচালিত সিনেমাটি এখন সেন্সর বোর্ডে জমা রয়েছে বলে জানান মিষ্টি মারিয়া। বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন মিষ্টি। যমুনা ব্যাংকের বিজ্ঞাপনে প্রথম কাজ করেন তিনি। এর পর আরএফএলসহ বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। এছাড়া পত্রিকায়, ম্যাগাজিনেরও মডেল হয়েছেন তিনি। অভিনয়ের বাইরে লেখালেখিও করেন তিনি। গত একুশে বইমেলায় ‘কন্যা’ শিরোনামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে এই অভিনেত্রীর। রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/রাহাত/শান্ত