বিনোদন

বিরতি ভেঙে ফিরলেন অর্ণব

বিনোদন প্রতিবেদক: ‘ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো ক্যান’, ‘তোমার জন্য’, ‘হারিয়ে গিয়েছি’, ‘রাস্তায়’, ‘ভালোবাসা তারপর’, ‘সে যে বসে আছে একা একা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী অর্ণব। গানের কথার কাব্যময়তা এবং হৃদয়গ্রাহী মেলোডি অর্ণবের গানের অনন্য বৈশিষ্ট। আধুনিক, ফোক, রবীন্দ্র কিংবা পপ, সব গানেই তার দক্ষতা অপরিসীম। তবে মাঝে দীর্ঘদিন তার নতুন কোনো গান পাওয়া যায়নি। বিরতি ভেঙে আগামী ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন অর্ণব। ‘কি হলে কি হতো’ শিরোনামের নতুন গানটি ঈদের দিন ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। গান প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এবার অনেকটা সময় নিয়ে গানটি বের করলাম। গানটি নিজের মতো করেই গাওয়া। যেমনটা আমার কাছে শ্রোতারা প্রত্যাশা করেন। আশা করছি, শ্রোতাদের গানটি ভালো লাগবে। ভিডিওটিও ভালো লেগেছে আমার। দর্শকরাও আনন্দ পাবেন।’ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রদ্যুত চ্যাটার্জি। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রডাকশন হাউজের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী। গানের ভিডিওতে আছেন অর্ণব, জনপ্রিয় অভিনেত্রী মিথিলা এবং ইন্দ্রশীষ রায়। একটি বিশেষ চরিত্রে আছেন সৃজিত মুখার্জি। গানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ইগলু রেড বেলভেট আইসক্রীম। রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৯/রাহাত/শান্ত