বিনোদন

তিন চলচ্চিত্র উৎসবে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’

বিনোদন ডেস্ক: তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’। এটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির।

এ পরিচালক জানান, আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিতব্য ‘১৭তম ইস্কিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিতব্য ‘২০তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত ভারতের কাশ্মিরে অনুষ্ঠিতব্য ‘৩য় ওয়ালুর লেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

গৌরবময় মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যখন হানাদার বাহিনীর সদস্যরা একে একে ঢাকার দিকে পালিয়ে আসছিল, তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনীর সাহায্যে প্লেন থেকে বোমা ফেলে উড়িয়ে দেওয়া হয় দেশের বৃহত্তম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজের একটি স্প্যান, ফলে ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তানি সেনারা। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে অফিসে আজও সেই বোমার একটি খোসা কালের স্বাক্ষী হয়ে আছে। সেই গল্পটি ফিকশন হিসেবে সেলুলয়েডের পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। ইতোমধ্যে বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের সনদপত্র পেয়েছে চলচ্চিত্রটি।

আশরাফ শিশির বলেন, ‘আমাদের গর্ব করার মতো ইতিহাস হচ্ছে— মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের সেই ইতিহাস বিভিন্ন দেশের মানুষ এই চলচ্চিত্রের মাধ্যমে কিছুটা হলেও জানতে পারবে, এ জন্যে আমরা আনন্দিত।’

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরণ্য রানা, ইমরান, সোমা,  বন্যা, সজীব, মানিক, শুভ, পান্না, দ্বীপ, রাব্বি, সাচ্চু, অলোক, আল-আমিন, হাসান, রইচসহ অনেকে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ করেছেন নাহিদ বাবু ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ডিজিসুগার।

চলতি বছর ফ্রান্সের ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে অন্তর্ভূক্ত হয়েছিল চলচ্চিত্রটি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলম্বিয়া, ইরান, রাশিয়া, ইতালি, নাইজেরিয়া এবং ভারতের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘যুদ্ধটা ছিল স্বাধীনতার’ চলচ্চিত্রটি।

   

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৯/শান্ত