বিনোদন

পরিবেশ রক্ষায় কঙ্গনার উদ্যোগ

বিনোদন ডেস্ক: অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণকর কাজও করে থাকেন বলিউড তারকারা। এবার পরিবেশ রক্ষায় সহযোগিতার উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

ভারতের কাবেরী নদীর সংস্কার ও এর তীরে গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে সাধগুরুর ‘ইশা ফাউন্ডেশন’। কাবেরী কলিং নামের এই ক্যাম্পেইনের সহযোগিতার আহ্বানও জানিয়েছেন কুইন অভিনেত্রী।

কঙ্গনা বলেন, ‘এই নদীগুলোর জন্যই আমাদের অস্তিত্ব টিকে আছে। চেন্নাইয়ের খরা এখন বৈশ্বিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও লিওনার্দো ডিক্যাপ্রিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশে কি হচ্ছে এ নিয়ে যদি চিন্তা না করি তাহলে কি আমার লজ্জায় মরে যাওয়া উচিৎ নয়?’ 

কাবেরী কলিং ১২ বছর মেয়াদি একটি ক্যাম্পেইন। এর মাধ্যমে কাবেরী নদীর তীরে ২৪২ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

কঙ্গনা আরো বলেন, ‘গাছের চারার জন্য প্রত্যেককে বছরে মাত্র ৪২ রুপি দিয়ে সহযোগিতা করতে হবে। ইশা ফাউন্ডেশনের সেচ্ছাসেবকরা চারাগাছ রোপন করবেন। আমাদের জনসংখ্যা ১.৩ বিলিয়ন। ভেবে দেখুন, সবাই যদি চারার জন্য অর্থ প্রদান করি আমাদের পরিবেশ কতটা সবুজ হবে! আমার বোন রাঙ্গোলি সহযোগিতা করবে বলে জানিয়েছে, কারণ সে চায় তার ছেলে পৃথ্বি সবুজ এক পৃথিবীতে বেড়ে উঠবে। আমি মনে করি পরবর্তী প্রজন্মের কথা ভেবে আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। আমার আয়ের একটি বড় অঙ্ক আমি এই কাজে ব্যয় করব।’

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মারুফ