গত বছর না ফেরার দেশে চলে যান ভারতের ‘প্রথম নারী সুপারস্টার’ শ্রীদেবী। এরপর নানাভাবে ভক্ত-অনুরাগীদের কাছ থেকে শ্রদ্ধা পেয়েছেন তিনি।
প্রয়াত এ অভিনেত্রীর জীবনী লিখেছেন সত্যার্থ নায়েক। ‘শ্রীদেবী: দ্য ইটার্নাল স্ক্রিন গডেস’ বইটির ভূমিকা লিখছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কাজল।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ প্রসঙ্গে কাজল লিখেছেন, আইকনিক শ্রীদেবীকে নিয়ে লেখা বইয়ের ভূমিকা লেখার সুযোগ পেয়ে খুশি ও সম্মানিতবোধ করছি। ভারতের প্রথম নারী সুপারস্টারের প্রতি এটি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন।
মাত্র ৪ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নায়ক ছাড়া বক্স অফিস হিট সিনেমা উপহার দিতে সক্ষম এমন অভিনেত্রীদের একজন ছিলেন শ্রীদেবী। গত বছর ২৪ ফেব্রুয়ারি মারা যান তিনি। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারে বাথরুমের বাথটাবের পানিতে দম আটকে এ অভিনেত্রীর মৃত্যু হয়।
কাজলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হেলিকপ্টার এলা। ওম রাউত পরিচালিত তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করছেন অজয় দেবগন ও সাইফ আলী খান। ২০২০ সালের ১০ জানুয়ারি এটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/মারুফ