বিনোদন

রেমোর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

বলিউড কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ারা জারি হয়েছে।

ডেকান ক্রনিক্যালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, একটি প্রতারণা মামলায় জড়িত থাকায় রেমোর বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন ভারতের গাজিয়াবাদ আদালত।

এ মামলার বাদী গাজিয়াবাদের রাজ নগরের বাসিন্দা সত্যেন্দ্র ত্যাগী। অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে অমর মাস্ট ডাই সিনেমা নির্মাণের জন্য সত্যেন্দ্র ত্যাগীর কাছ থেকে ৫ কোটি রুপি নিয়েছিলেন রেমো। সিনেমা মুক্তির পর দ্বিগুণ ফেরত দেবেন বলে অঙ্গীকার করেছিলেন। কিন্তু এখনো আসল ৫ কোটি রুপিই ফেরত দেননি এই কোরিওগ্রাফার।

এদিকে অনেকদিন ধরেই নির্দেশ অমান্য করে আদালতে অনুপস্থিত ছিলেন রেমো। গতকাল বুধবার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক মহেন্দ্র রাওয়াত, রেমোর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মিরাটের পুলিশ সুপার অতীশ কুমার জানান, মু‌ম্বাইয়ে রেমোকে নোটিশ দেয়া হয়েছে।

 

ঢাকা/মারুফ