অভিনেত্রী কৃতি স্যানন। ২০১৪ সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এরপর একাধিক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
কয়েকদিন আগে এই অভিনেত্রীর ছোট বোন নূপুর স্যাননের মিউজিক ভিডিওতে অভিষেক হয়েছে। ‘ফিলহাল’শিরোনামের এই ভিডিওতে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে দেখা গেছে তাকে।
বলিউড সিনেমায় অভিষেক নিয়ে ছোট বোনকে কী পরামর্শ দিয়েছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে কৃতি বলেন, আমি সবসময়ই নূপুরকে বলি, আমার অভিজ্ঞতা থেকে যেটি বুঝেছি, নিজের মধ্যে এক ধরনের তাড়াহুড়ো কাজ করে। মনে হয় শুরু করে দেই। অস্থিরতা কাজ করবে। কিন্তু আমার পরামর্শ হলো, শুধুমাত্র সেটে যাওয়ার জন্য সিনেমায় চুক্তিবদ্ধ হবে না। সঠিক প্রজেক্ট বাছাই করো কারণ মন থেকে যে উপলব্ধি কাজ করে সেটিই আসল। এই অনুভূতি ভেতর থেকে আসে। মাঝে মধ্যে মনে হবে এই অনুভূতি কেন হয় কিন্তু সেটিই সঠিক। আমার মতে, ‘ফিলহাল’সাফল্য পেয়েছে কারণ এর আগে সে এরকম কিছু করেনি।
কৃতির সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা পানিপথ। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর। তবে এই সিনেমা বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি।
ঢাকা/মারুফ