‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাস। গত কয়েক বছর ধরেই গুঞ্জন উড়ছে— বিয়ে করছেন তিনি। বাহুবলির বিয়ে বলে কথা! যদিও কোনো বারই গুঞ্জনের সত্যতা মেলেনি। তারপরও এ অভিনেতার বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি।
এদিকে তেলেগু একটি নিউজ পোর্টালের বরাত দিয়ে স্পটবয় জানিয়েছে, আগামী জানুয়ারিতে মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘জান’। এই সিনেমা মুক্তির পর কিছুদিন অবসরে যাবেন প্রভাস। আর তখনই বিয়ের পিঁড়িতে বসবেন ৪০ বছর বয়েসি এই অভিনেতা।
প্রভাসের ফুফু শ্যামলা দেবী সংবাদমাধ্যমটিতে বলেন, ‘প্রভাসের বিয়ে নিয়ে অনেক হাস্যকর গুঞ্জন উঠেছে। আসলে আমরাও প্রভাসের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের পরিবার অনেক বড়। আমরা এমন একটি মেয়ে খুঁজছি, যে আমাদের সঙ্গে মিশে যেতে পারবে।’
এর আগে গুঞ্জন চাউর হয়েছিল, ‘বাহুবলি’ সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করবেন প্রভাস। তাদের দুজনের মধ্যে নাকি তুমুল প্রেম! এ প্রসঙ্গে শুরুতে প্রভাস-আনুশকা কেউ মুখ খোলেননি। অবশেষে বিরক্ত হয়ে তারা বলেছিলেন- সব ঝুটা হ্যায়!
সত্য তবে কী? এরপরই ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মেয়ের সঙ্গে প্রভাসের বিয়ে ঠিক হয়েছে বলে খবর রটে। কিন্তু এই অভিনেতার চাচা কৃষ্ণা রাজু বিষয়টি অস্বীকার করে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেন। তারপর শোনা যায়, ভারতীয় এক শিল্পীপতির নাতনিকে বিয়ে করছেন প্রভাস। কিন্তু সেকথাও গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে।
‘সাহো’ সিনেমার প্রচারে এসে প্রভাস বিয়ে প্রসঙ্গে বলেছিলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে কিছু প্রকাশ করতে চাই না।’ সিনেমাটি পরিচালনা করেন সুজিত রেড্ডি। প্রযোজনা করেছে ইউভি ক্রিয়েশন্স। সাড়ে তিনশ কোটি রুপি বাজেটের সিনেমাটি গত ১৫ আগস্ট মুক্তি পায়। কিন্তু উপমহাদেশের শত শত নারী হৃদয় আটকে আছে যার মোহে, সেখান থেকে মুক্তি মিলবে কীভাবে? বাহুবলি কার গলায় মালা পরাবেন- এটি এখন কোটি টাকার প্রশ্ন! সেই প্রশ্নের উত্তর আসছে জানুয়ারিতে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। ঢাকা/শান্ত/তারা