বিনোদন

অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় অভিনেতা কুশল পাঞ্জাবির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে তার বাড়ি থেকে এই অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৩৭। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাত ১১.১০ নাগাদ তিনি আত্মহত্যা করেছেন। বান্দ্রা থানায় অপঘাতে মৃত্যু সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি প্রণয় অশোক সংবাদমাধ্যমটিতে বলেন, এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।

এছাড়া অভিনেতা করণবীর ভোহরা ও চেতন হ্যান্সরাজ স্পটবয় ডটকমে কুশলের আত্মহত্যার খবরটি নিশ্চিত করেছেন। আজ দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলেও জানিয়েছেন তারা।

মডেল ও ড্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন কুশল। এরপর অ্যা মাউথ ফুল অব স্কাই টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পান। প্রায় দুই দশকের ক্যারিয়ারে বেশ কিছু টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে— কাভি হ্যা কাভি না, কুসুম কাল, আসাম সে আগে, তেরি মেরি লাভ স্টোরিজ প্রভৃতি। এছাড়া লক্ষ্য, ধান ধানা ধান গোল, সালাম-ই-ইশক: অ্যা ট্রিউবিউট টু লাভসহ বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ইশক ম্যায় মারজাওয়া টিভি ধারাবাহিকে সর্বশেষ দেখা গেছে তাকে।

ব্যক্তি জীবনে অড্রে ডোলহেন নামের এক ইউরোপীয় মেয়েকে বিয়ে করেন কুশল পাঞ্জাবি। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সি একটি ছেলে সন্তানও রয়েছে।

এই অভিনেতার মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। ঢাকা/মারুফ