বিনোদন

সিনেপ্লেক্সে বছরের প্রথম অ্যানিমেশন সিনেমা

অ্যানিমেশন মানে ছোটদের সিনেমা—এ ধারণা বদলে গেছে। অ্যানিমেশন সিনেমা এখন সবার। ছোট-বড় সবার জন্য উপভোগ্য হয়ে উঠেছে এ ঘরানার চলচ্চিত্র।

অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর জুড়ি নেই। এই ঘরানার সিনেমার দুনিয়ায় অদ্বিতীয় নাম ওয়াল্ট ডিজনি পিকচার্সের সঙ্গে যুক্ত হয়ে পিক্সার নির্মাণ করেছে অসাধারণ সব সিনেমা। টয় স্টোরি, মনস্টার ইঙ্ক, ফাইন্ডিং নিমো, দ্য ইনক্রেডিবলস, কারস, ওয়ালি, রাটাটুলি, আপ, ব্রেভ, দ্য গুড ডাইনোসর, ইনসাইড আউট, ফাইন্ডিং ডোরি সিনেমা তাদের সাফল্যের কথা মনে করিয়ে দেয়।

এদিকে নতুন বছরে নতুন সিনেমা নিয়ে এসেছে পিক্সার। আজ শুক্রবার মুক্তি পেয়েছে এ বছরের প্রথম অ্যানিমেশন সিনেমা ‘অনওয়ার্ড’। আন্তর্জাতিক মুক্তির দিনে নগরীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে এটি। ড্যান স্ক্যানলন পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হল্যান্ড, ক্রিস প্র্যাট, জুলিয়া লুইস, ওক্টাভিয়া স্পেনসার প্রমুখ।

ইয়ান লাইটফুট এবং বার্লি লাইটফুট দুই ভাই। এই দুই কিশোরের বাবা নেই। ইয়ানের জন্মের আগেই বাবা মারা যায়। আর বার্লি তখন এত ছোট ছিল যে, বাবার স্মৃতি তার মনে নেই। পূর্বনির্ধারিত উপহার হিসেবে তাদের বাবা একজন জাদুকর কর্মীকে তাদের কাছে পাঠায়। ওই কর্মী একটা জাদুর কাঠি নিয়ে আসে, যার মাধ্যমে ২৪ ঘণ্টার জন্য তাদের বাবাকে ফিরিয়ে আনবে যাতে তারা বাবাকে দেখতে পায়। এ নিয়ে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে। দুই ভাইয়ের পাল্টাপাল্টি চেষ্টা আর জাদুকরের রহস্য মিলে তৈরি হয় মজার কাহিনি। ঢাকা/শান্ত