‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। প্রথম সিনেমা মুক্তির পরই দারুণ সাড়া ফেলে। তাদের অধিকাংশ চলচ্চিত্রই ব্যবসাসফল, আবার বাস্তব জীবনেও তারা সফল।
অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়ান নাঈম-শাবনাজ। তারপর দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতির রয়েছে দুই কন্যাসন্তান। সুখেই দিনাতিপাত করছেন এই দম্পতি। করোনার এই সংকটকালে তাদের ঘরবন্দি জীবন কীভাবে কাটছে? ভক্তদের এমন প্রশ্নের উত্তর জানতে এই প্রতিবেদক কথা বলেন শাবনাজের সঙ্গে।
এ প্রসঙ্গে শাবনাজ বলেন, ‘অনেক আগেই চলচ্চিত্র ছেড়েছি। তাই আর চলচ্চিত্র নিয়ে আমার কোনো ব্যস্ততা নেই। ঘর সংসার নিয়ে ব্যাস্ত থাকি। তাছাড়া বাইরে বের হওয়া কম হয়। করোনায় ঘরবন্দি থাকলেও তেমন সমস্যা মনে করছি না। বাচ্চাদের নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছি। বাসায় অবসরে সিনেমা দেখে সময় কাটে।’
নিজেদের অভিনীত সিনেমা দেখেন কিনা? এমন প্রশ্নের উত্তরে শাবনাজ বলেন, ‘নিজেদের অভিনীত সিনেমা দেখা হয় না। দেশের ও বাইরের সিনেমা দেখি।’
পরিচিতজনদের কারো করোনা আক্রান্ত হয়েছে কিনা? উত্তরে তিনি জানান, তাদের আশেপাশে বা পরিচিতজনদের কারো করোনা আক্রান্ত হয়নি। এ নিয়ে বেশ স্বস্তিতে আছেন তারা।
বর্তমানে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন নাঈম-শাবনাজ। নাঈম এখন ব্যবসা নিয়ে ব্যস্ত আর শাবনাজ ব্যস্ত সংসার নিয়ে। অভিনয় ক্যারিয়ারে তারা জুটি বেঁধে বিশটির মতো সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’, ‘ঘরে ঘরে যুদ্ধ’ প্রভৃতি।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত