করোনার ঘরবন্দি দিনে আরো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। বাংলাদেশ ও ভারতের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেতা বিক্রম চ্যাটার্জি। ‘দূরে থাকা কাছের মানুষ’ নামে এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।
যৌথ এক ভিডিও বার্তায় মিথিলা ও বিক্রম বলেন, ‘‘লকডাউন, কোয়োরেন্টাইন, আইসোলেশন—এই শব্দগুলো আমাদের জীবনের রোজকারের অংশ হয়ে গিয়েছে। সভ্যতা মানুষের মধ্যে সৃষ্টি করেছিল বিভেদ, আমাদেরকে বিচ্ছিন্ন করেছে করোনা। কিন্তু কোথায় গিয়ে যেন এই বিচ্ছিন্নতায় আমাদের সকলকে আবার এক করে দিয়েছে। আমরা সকলে মিলে লড়াই করছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য।’
পৃথিবীর বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তারা বলেন, ‘‘প্রতিদিন ঘুম থেকে উঠে ভারত-বাংলাদেশ, ইতালি, আমেরিকা, ইরান সমস্ত দেশের খবর নিচ্ছি। এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে একটাই প্রার্থনা করে চলেছি—যেন এই পৃথিবী নতুন রূপে মানুষকে স্বাগত জানায়, যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। এই সময়টাকে ধরে রাখতে, যে যার বাড়িতে থেকে নিয়ম মেনে মোবাইল ফোনে নির্মাণ করেছি ছোট ফিল্ম ‘দূরে থাকা কাছের মানুষ’।’’
কলকাতার টিভিওয়ালা মিডিয়া ও বাংলাদেশের প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরি যৌথভাবে এটি প্রযোজনা করেছে। আগামীকাল মঙ্গলবার ইউটিউবে মুক্তি পাবে এই চলচ্চিত্র।
কিছুদিন আগে ‘অন্যজন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মিথিলা। যার ইংরেজি নাম ‘দ্য ফরগটেন ওয়ান’। এর গল্প লিখেছেন মিথিলার ভগ্নিপতি, অভিনেতা ইরেশ যাকের। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছে তার মেয়ে আয়রা। মিথিলাকে সাহায্য করেছেন তার দুই বোন মিম রশীদ ও মিশৌরি রশীদ। মিথিলার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই চলচ্চিত্র।
অন্যদিকে বিক্রম চ্যাটার্জি ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় মুখ। শুধু সিরিয়ালেই নয়, সিনেমাতেও নিজের মেধা ও অভিনয় গুণের প্রমাণ দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘বেডরুম’, ‘গুগলের কীর্তি’, ‘হইচই’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’, ‘এলার চার অধ্যায়’, ‘খোঁজ’ প্রভৃতি।
ঢাকা/শান্ত