করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই এখন ঘরবন্দি। চলচ্চিত্রসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। চলচ্চিত্র প্রযোজকরা দিন গুনছেন কবে শেষ হবে লকডাউন। করোনা সংকট কেটে গেলেই মুক্তি পাবে বেশ কিছু সিনেমা। এ তালিকায় রয়েছে ‘ডেঞ্জার জোন’ সিনেমাটি।
বেলাল সানি পরিচালিত ‘ডেঞ্জার জোন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা জলি। সিনেমাটির দৃশ্যধারণ অনেক আগেই সম্পন্ন হয়েছে। করোনার কারণে সিনেমাটি মুক্তি দিতে পারছেন না। সিনেমা হল চালু হলেই এটি মুক্তি দেওয়া হবে বলে রাইজিংবিডিকে জানান এর পরিচালক।
এ প্রসঙ্গে বেলাল সানি বলেন, ‘এর মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়া হয়ে যেত। কিন্তু করোনার কারণে তা আর হয়ে উঠেনি। করোনা মুক্ত হলেই ডেঞ্জার জোন মুক্তি দেব।’
সিনেমাটির গল্প প্রসঙ্গে এ নির্মাকা বলেন, ‘‘ডেঞ্জার জোন’ সিনেমা একটি ভৌতিক গল্প নিয়ে নির্মিত। এ ধরনের সিনেমা বাংলাদেশের দর্শক এর আগে দেখেননি। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’’
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত