হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা রণদীপ হুদা।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেটে ব্যথা অনুভব করায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। সেখানে তার গুরুতর একটি অস্ত্রোপচারও হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
এই অভিনেতার ঘনিষ্ঠ এক বন্ধু সংবাদমাধ্যমটিতে বলেন, ‘মঙ্গলবার থেকে রণদীপের পেটে ব্যথা হচ্ছিল এবং তখন থেকেই অস্বস্তিবোধ করছিল। গতকাল (বুধবার) সকালে সে হাসপাতালে যায়। আজ তার অস্ত্রোপচার হয় এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বাবাও একজন চিকিৎসক এবং তিনি তার সঙ্গে আছেন।’
হাসপাতালের একটি সূত্র বলেন, ‘রণদীপ সকালে হাসপাতালে ভর্তি হন। এরপর তার কোভিড-১৯সহ কয়েকটি পরীক্ষা করা হয়। কোভিড টেস্টে নেগেটিভ হওয়ার পর তার অস্ত্রোপচার করা হয়।’
রণদীপ হুদা অভিনীত পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টে ভাই’। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান খান। নায়িকা চরিত্রে আছেন দিশা পাটানি। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ।