ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি নারীদের পোশাক নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে পড়েছেন এই নায়ক। এরই মধ্যে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা।
এদিকে অনন্ত জলিলের মন্তব্য নিয়ে মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, রাজনীতি-বিশ্লেষক ড. আসিফ নজরুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আনামের একটি ফেসবুক স্ট্যাটাস আসিফ নজরুল তার স্ট্যাটাসের শুরুতে উল্লেখ করে লিখেন—‘অনন্ত জলিলের উপর এতো ক্ষোভ! অনন্ত জলিলের প্রতি এতো ক্ষোভ কেন কিছু মানুষের? কারণ তারা অনন্ত জলিলকে আহমদ ছফা বা চমস্কি মনে করেছিল!’ উপরের উত্তরটা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আনাম। ফেসবুকে তার এ বাক্যটি আমাকে বিনোদিত করেছে। অনন্ত জলিলের উপর কারো কারো ঝাপিয়ে পড়ার রিখটার স্কেল দেখে আমারও অবাক লেগেছিল।
ধর্ষণ নিয়ে অনন্ত জলিলের মন্তব্যের নিন্দা প্রকাশ করেছেন আসিফ নজরুল। তিনি লিখেন—প্রথমে বলে নিই, ধর্ষণের কারণ নিয়ে অনন্ত জলিলের বক্তব্যটি নিন্দনীয় ছিল। তার বক্তব্যে ক্ষোভ দেখানো যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ক্ষোভ তার বিরুদ্ধে দেখানো হচ্ছে সেটা আরো অনেক বড় অপরাধীদের (ধর্ষকদের নির্মাতা আর পালনকর্তাদের) বিরুদ্ধে দেখানো হয় না কেন? তাদের তো নামটা নেওয়ার সাহস থাকে না অনেকের। বরং তাদের তোয়াজ করেন কেউ কেউ। উদাহরণ দিই। ধর্ষক দেলোয়ারকে জনতা ধরিয়ে দেওয়ার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, সেই পুলিশের হর্তাকর্তাদের সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করেন কেউ কেউ। ভোটকেন্দ্র দখল করে ধর্ষক দেলোয়ার যে শতভাগ ভুয়া নির্বাচনের ফুট সোলজার হয়েছিল, সেই নির্বাচনের শিরোমনিদের মাথায় তুলে নাচেন অনেকে।
সমকালীন ধর্ষণ কাণ্ড নিয়ে যারা ক্ষুব্ধ তাদের পরামর্শ দিয়ে আসিফ নজরুল লিখেন—অনন্ত জলিলকে গালমন্দ করা খুব সোজা আর নিরাপদ। সেটা করেন। কিন্তু ধর্ষণ মহামারিতে সত্যি ক্ষুদ্ধ আর বেদনার্ত হলে আরেকটু সৎ আর সাহসী হতে হবে আপনাকে।
গত ১০ অক্টোবর এক ভিডিও বার্তায় অনন্ত জলিল নারীদের পোশাক নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন। এরপর আরেক ভিডিওট বার্তায় এমন মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।