গুরুতর অসুস্থ ভারতীয় বাংলা সিনেমার প্রয়াত অভিনেতা ও বিধায়ক তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। বর্তমানে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।
তাপস-নন্দিনী দম্পতির একমাত্র মেয়ে সোহিনী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে মায়ের রক্তে চিনির মাত্রা ক্রমাগত ওঠানামা করছে। আপাতত প্লাজমা থেরাপি চলছে। আমাদের এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনীর পাশে দাঁড়ানোর পর তাকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। পাশাপাশি, এই বার্তাকে যাতে কেউ রাজনৈতিক বার্তা বলে মনে না করেন সেই অনুরোধও জানান। কিন্তু নেটিজেনরা সেই অনুরোধ রাখেননি। বরং তাপস পালের পরিবার, সুদীপা চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছিলেন তাপস পাল। গত বছরের ১৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।