বন্ধু দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এসেছে নকশীকাঁথা ব্যান্ড। ৩১ জুলাই ব্যান্ডটির ইউটিউব চ্যানেল এটি প্রকাশিত হচ্ছে। গানটিতে স্পন্সর করেছে রাশমনো স্পেশালাইজড হসপিটাল ও ফ্রেন্ডস কেয়ার হসপিটাল লিমিটেড।
‘তোর জন্য’ শিরোনামে গানটির গীতিকার, সুরকার ও শিল্পী ব্যান্ডের ভোকাল ও ব্যান্ড প্রধান সাজেদ ফাতেমী। তিনি বলেন, ‘বন্ধু দিবসের এই গান আমার নকশীকাঁথা ব্যান্ডের প্রচলিত ধারা থেকে ব্যতিক্রম। টেকনো বিটের ওপর রক ঘরানার গানটির কম্পোজিশন, ভিডিওগ্রাফি ও এডিটিং করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।’
তিনি আরো বলেন, ‘সব বয়সী মানুষের বন্ধুতার রং মোটামুটি একই রকমের। সেই রংগুলো তুলে আনার চেষ্টা করেছি আমাদের গানে। আশা করি সবাই তাদের পারস্পরিক বন্ধুতার অনুভূতিগুলো খুঁজে পাবেন এ গানে।’
২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে নকশীকাঁথা’র যাত্রা শুরু। সেই থেকে বিভিন্ন সামাজিক সংকট ও অসঙ্গতি নিয়ে গান গেয়ে আসছে ব্যান্ডটি। ২০০৮ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ ও ২০১৬ সালে দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ প্রকাশিত হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে একক গানসহ এ পর্যন্ত ব্যান্ডের প্রায় ৪০টি গান প্রকাশিত হয়েছে। এসব গানে নদী, বৃক্ষ ও পরিবেশ বাঁচানোর তাগিদ, বৈশাখ, কৈশোরের বন্দিত্ব, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা, বাংলা ভাষার দুর্গতি, চুরিবিদ্যাসহ দেহতত্ত্ব, আধ্যাত্মিক ও প্রেমসহ আরও বেশ কিছু বিষয় স্থান পেয়েছে।
নকশীকাঁথা ব্যান্ডের অন্য সদস্যরা হলেন- জে আর সুমন, বুলবুল সাহা ও শামস।