বিনোদন

ডলি জহুর আপা চলচ্চিত্রে আমার জুনিয়র, পুরস্কার ঘোষণার আগেই অঞ্জনার ক্ষোভ

চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছর চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়। এ বছরও এই পুরস্কার প্রদান করা হবে।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’র বিজয়ী তালিকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রে প্রকাশ্যে এসেছে বিজয়ীদের সম্ভাব্য নাম। এতে দেখা যায় আজীবন চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যৌথভাবে ডলি জহুর এবং ইলিয়াস কাঞ্চন। 

‘আজীবন চলচ্চিত্র পুরস্কার’ নিয়ে ক্ষোভ ঝাড়েন নন্দিত নায়িকা অঞ্জনা। তিনি প্রশ্ন রাখেন- নায়ক জাবেদ, উজ্জল, নূতন, সুচরিতা, শবনম নয় কেন?  

মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রধান চরিত্র নূতনের নাম তালিকায় না-থাকায় ক্ষোভ প্রকাশ করে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অঞ্জনা বলেন, ‘এদেশে একজন নূতনের মতো অভিনেত্রীর অবদান, একজন জাবেদ ভাই যিনি নৃত্যের ধারাটাই বদলে দিয়েছিলেন; দেশ ছেড়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলা সিনেমাকে ভালোবেসে থেকে গেছেন, একজন সূচরিতার মতো শক্তিমান অভিনেত্রীকেও বিবেচনায় আনা হয়নি- যাদের আপাদমস্তক সিনেমা ছাড়া অন্যকিছু নেই।’

‘শবনম আপা, উজ্জল ভাইকে নয় কেন? তারা অনেক আগে থেকে চলচ্চিত্রে কাজ করে গেছেন। চলচ্চিত্রে তাদের অবদান রয়েছে। আমার মনে হয় জুরি বোর্ডে চলচ্চিত্রের মানুষগুলোর প্রাধান্য না থাকায় এমন হয়েছে। তাই ভবিষ্যতে চলচ্চিত্র পুরস্কার বিবেচনায় অবশ্যই চলচ্চিত্রের মানুষগুলোকে রাখার জন্য আহ্বান জানাবো।’

জুরি বোর্ডে গুণী অভিনেত্রী সুজাতা রয়েছেন। তিনিও চলচ্চিত্রের মানুষ। এমন মন্তব্যে অঞ্জনা বলেন, ‘জুরি বোর্ড নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। তবে এতটুকু বলতে পারি চলচ্চিত্রে অবদান রেখেছেন এমন অনেক সিনিয়র শিল্পী এখনও আছেন যাদের আজীবন পুরস্কার দেয়া যেতো। ডলি জহুর আপা চলচ্চিত্রে আমার জুনিয়র।’

তিনি আরো বলেন, ‘ডলি জহুর আপার অভিনয় নিয়ে কিছু বলবো না। তাকে আমি একজন নাট্যাভিনেত্রী হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তাকে আমি সেই ক্যাটাগরিতে রাখতে পারবো না। ওনার সঙ্গে যাদের নাম বললাম ধরে ধরে তাদের অবদান বিচার করুন তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি? পুরো ইন্ডাস্ট্রির জন্য তাদের যে অবদান তা অনেকের নেই, তাদের দেখেই আজকালের ছেলেমেয়েরা অভিনয়ে আগ্রহী হয়েছে।’