ভালোবেসে সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। এখনো বিয়ের ৩ বছর পূর্ণ হয়নি। এরই মধ্যে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, “হংসিকা তার মায়ের সঙ্গে আর সোহেল তার বাবা-মায়ের সঙ্গে থাকছেন।”
কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। বিয়ের পর সোহেলের পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন হংসিকা। এত বড় পরিবারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া একটা বিষয় হয়ে উঠেছিল। পরে একই ভবনের অন্য অ্যাপার্টমেন্টে শিফট হন এই দম্পতি। কিন্তু এখনো তাদের সমস্যা রয়েই গেছে।”
এ বিষয়ে কথা বলতে হিন্দুস্তান টাইমস হংসিকার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এ অভিনেত্রী সাড়া দেননি। তবে সোহেল কাঠুরিয়াকে মেসেজ পাঠালে জবাব দেন তিনি। বিয়েবিচ্ছেদের কথা জানতে চাইলে সোহেল বলেন—“এ খবর সত্যি নয়।” আলাদা থাকছেন কি না, তা জানতে চাইলে সোহেল কাঠুরিয়া কোনো উত্তর দেননি।
২০২২ সালের ৪ ডিসেম্বর ভারতের জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন হংসিকা-সোহেল। দাম্পত্য জীবনের ২ বছর ৭ মাস চলছে তাদের। এরই মাঝে বিচ্ছেদের গুঞ্জন হতাশ করেছে হংসিকার ভক্ত-অনুরাগীদের।
হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনার বয়স এখন ৩৩ বছর।
টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-হিন্দু ভাষার চারটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।