বিনোদন

নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন সৃজিত

পূজামণ্ডপে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন পরিচালক সৃজিত মুখার্জি। সুস্মিতার পরনে নীল রঙের শাড়ি, তার সঙ্গে মিলিয়ে সৃজিতও একই রঙের পাঞ্জাবি পরেছেন। দুজনে চোখে চোখ রেখে অজানায় হারিয়ে গেছেন। 

সৃজিত মুখার্জি তার ফেসবুকে বেশ কটি ছবি শেয়ার করেছেন; তার একটিতে এমন দৃশ্য দেখা যায়। এসব ছবির ক্যাপশনে সৃজিত মুখার্জি লেখেন—“শুভ সপ্তমী।” এরপর থেকে সৃজিত-সুস্মিতার পরকীয়া প্রেমের গুঞ্জন নতুন করে চাউর হয়েছে। নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মিলিয়ে চর্চায় মেতেছেন।  

গত জুলাই মাসে পুরো টিম নিয়ে পুরীতে সৃজিত তার নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন। নীলাচলের সৈকতে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন সৃজিত-সুস্মিতা। পরে অভিনেত্রী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। কেবল তাই নয়, শুটিংয়ের ফাঁকে তারা দুজনে একান্ত সময়ও কাটিয়েছেন বলে বাতাসে খবর ভাসতে থাকে। 

সুস্মিতার ছবিও তুলে দেন সৃজিত

তবে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ‘পরকীয়া প্রেম’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সৃজিত মুখার্জি। বিস্ময় প্রকাশ করে ‘জাতীস্মর’ নির্মাতা বলেছিলেন, “২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।”  

এ বিষয়ে কথা বলতে ইন্ডিয়ান এক্সপ্রেস যোগাযোগ করে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে। তিনি বলেছিলেন, “আমি সত্যিই ভাবিনি একটা ছবি পোস্ট করলে তার ফল এইরকম হতে পারে। যদি কারো মধ্যে সম্পর্ক থাকে তাহলে লুকোচুরির প্রশ্ন আসে। আমি আর সৃজিতদা বারবার একটা কথা বলেছি, ‘আমরা ভালো বন্ধু। আর বন্ধুত্ব তো লুকানোর কোনো বিষয় নয়।”  

এখন থেকে ভাবনাচিন্তা করে ছবি পোস্ট করতে হবে, না হলে বিয়েও দিয়ে দিতে পারেন বলে মনে করেন সুস্মিতা। তার ভাষায়, “আমি সিঙ্গেল বলেই হয়তো একটা সেলফি নিয়ে এত শোরগোল। যখন সম্পর্কে ছিলাম তখন ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু ছিল না। এখন গুটি কয়েক বন্ধু হয়েছে। তাদের সঙ্গে সেলফি দিলে যে এরকম পরিস্থিতি তৈরি হবে তা আগে আঁচ করতে পারিনি। এবার থেকে ছবি পোস্ট করার আগে মনে হচ্ছে অনেক ভাবনাচিন্তা করতে হবে। না হলে তো আমার বিয়েও দিয়ে দেবে!”  

সুস্মিতা-সৃজিত মুখার্জি

প্রশ্ন ছুড়ে দিয়ে সুস্মিতা চ্যাটার্জি বলেছিলেন, “শুভশ্রীদির সঙ্গেও তো সেলফি দিয়েছি। সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। একজন পুরুষের সঙ্গে সেলফি তুললেই সেখানে সম্পর্কের গন্ধ খুঁজে পাওয়া যায়?”  

তবে পূজামণ্ডপের ছবি নিয়ে নতুন করে প্রেমের জোর চর্চা চললেও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সুস্মিতা-সৃজিত।