বিনোদন

পারভেজের কথায় ‘বিজয় নেবে ধানের শীষ’

চিত্রনায়ক পারভেজ আবীর চৌধুরীর এবার গান লিখলেন। 'বিজয় নেবে ধানের শীষ' শিরোনামের গানটির সুর করেছেন আহমেদ হুমায়ুন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাটি রহমান, আর কোরাসে অংশ নিয়েছেন প্রায় ৩০ জন সঙ্গীতশিল্পী। টিম কো–অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র অভিনেতা মারুফ আকিব।

গানটির মূল পরিকল্পক ও গীতিকার পারভেজ আবীর চৌধুরী জানান, বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গানটি দেশজুড়ে প্রচার করা হবে। সম্প্রতি রাজধানীর কলরব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

রেকর্ডিং সেশনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন ও মারুফ আকিব। তারা গানটির পরিবেশনা, উপস্থাপনা এবং সামগ্রিক সুর–আবহ নিয়ে শিল্পীদের পরামর্শ দেন।

গীতিকার পারভেজ আবীর চৌধুরী বলেন, ‘‘পুরো গানজুড়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি এ দেশের ১৮ কোটি মানুষের আশীর্বাদ, তাদের আশা–প্রত্যাশা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতি। গানের কথায় উঠে এসেছে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের একত্রিশ দফার ন্যায়, পরিবর্তন ও গণতন্ত্রের প্রতিশ্রুতি।”