বিনোদন

রাম চরণের সঙ্গে ভক্তদের ‘রূঢ়’ আচরণ, ক্ষুব্ধ নেটিজেনরা

রাম চরণ এক হাত দিয়ে কোলে রেখেছেন ২ বছর ৭ মাস বয়সি কন্যা কিলিন কারাকে। তার চারপাশে মৌমাছির মতো ঝেঁকে আছেন ভক্ত-অনুরাগীরা। অন্য হাত দিয়ে তাদের সরানোর চেষ্টা করছেন। রাম চরণ একা নন, তার বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও তাদের ঠেলে সরাতে পারছেন না। এক প্রকার ‘যুদ্ধ’ করে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন রাম চরণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়, যা নিয়ে সমালোচনা চলছে।  

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন রাম চরণ। তার স্ত্রী উপাসনা হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। স্ত্রী-সন্তানদের দেখার জন্য কন্যা কিলিন কারাকে সঙ্গে নিয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) হাসপাতালে যান রাম চরণ, সেখানে ভক্তরা তাকে এভাবে ঘিরে ধরেন।  

ছোট কন্যাসহ ভক্তদের ঘিরে ধরাকে স্বাভাবিকভাবে দেখছেন না নেটিজেনরা। কড়া ভাষায় সমালোচনা করছেন। ভক্তদের এমন আচরণকে ‘রূঢ়’ বলে মন্তব্য করেছেন কেউ কেউ! ক্ষোভ প্রকাশ করে একজন লেখেন, “অজ্ঞ লোকজন। ছোট বাচ্চার কিছু হলে কে দায়ী? সে যদি সিনেমা দেখতে যায়, তখন যাও এবং দেখো। তার সঙ্গে যদি বাচ্চা থাকে, তাহলে কেন তোমরা সেখানে গিয়ে তাকে বিরক্ত করো?” তাছাড়া হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সমালোচনা করছেন নেটিজেনরা।  

কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রাম চরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর একসময় রাম চরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা। 

রাম চরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দু’জনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি।   

২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রাম চরণ।    

২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিয়ের ১১ বছর প্রথম সন্তানের বাবা-মা হন এই জুটি। অর্থাৎ ২০২৩ সালের ২০ জুন কন্যা সন্তানের জন্ম দেন উপাসনা। এ কন্যার নাম রেখেন কিলিন কারা।