বিনোদন

‘তেরে নাম’ সিনেমার আইকনিক দৃশ্যের শুটিং কোথায় হয়েছিল?

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। প্রায় চার দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার আইকনিক সিনেমার মধ্যে অন্যতম—‘তেরে নাম’। কেবল তাই তাই নয়, শূন্য দশকের শুরুতে অন্যতম ট্র্যাজেডি রোমান্টিক ড্রামা ঘরানার আইকনিক সিনেমাও এটি। সতীশ কৌশিক নির্মিত এ সিনেমা মুক্তি পায় ২০০৩ সালের ১৫ আগস্ট। তারপর ইতিহাস রচনা করে এটি।

‘তেরে নাম’ সিনেমার গল্প গড়ে উঠেছে রাধে মোহন ও নির্ঝরা ভরদ্বাজকে কেন্দ্র করে। এ দুটো চরিত্র যথাক্রমে রূপায়ন করেন—সালমান খান ও ভূমিকা চাওলা। স্নাতক ডিগ্রি লাভ করা বেকার রাধে স্বভাবে বদ মেজাজি ও উচ্ছৃঙ্খল। প্রথম দেখাতেই নির্ঝরার প্রেমে পড়ে রাধে। ঘটনাক্রমে পাগলা গারদে ভর্তি করা হয় রাধেকে। পাগলা গারদে রাধের আবেগন ও কঠিন সময়ের দৃশ্যগুলো এখনো দর্শক হৃদয়ে অমলিন। কিন্তু জানেন কী এসব দৃশ্যের শুটিং কোথায় করা হয়েছিল?  

 

সিয়াসাত এক প্রতিবেদনে জানিয়েছে, দর্শকদের অনেকেই হয়তো জানেন না যে, ‘তেরে নাম’ সিনেমার অন্যতম শক্তিশালী সিক্যুয়েন্স ‘শ্রীপুরধাম আশ্রম’ এর ভেতরের দৃশ্যগুলো কোথায় ধারণ করা হয়েছে। এটি বাস্তবের কোনো মানসিক হাসপাতালে শুটিং করা হয়নি। এই নাটকীয় দৃশ্যগুলোর শুটিং হয়েছিল ঐতিহাসিক গোলকোন্ডা ফোর্টে। এটি তেলেঙ্গানার হায়দরাবাদে অবস্থিত।  

 

সিনেমায় রাধে মোহন (সালমান খান) যন্ত্রণাময় সময় কাটিয়েছেন শ্রীপুরধাম আশ্রমের অন্ধকার করিডর, লোহার গেট ও নিঃসঙ্গ পাথরের চার দেয়ালের ভেতর; যা গল্পের আবেগকে আরো গভীর করেছে। এই পরিবেশ তৈরি করার জন্য নির্মাতারা গোলকোন্ডা ফোর্টের পুরোনো কাঠামো ও নীরব অভ্যন্তরীণ অংশ ব্যবহার করেছিলেন। দুর্গটির রুক্ষ পাথুরে স্থাপত্য ও প্রাচীন আবহ, বড় কোনো স্টুডিও সেট ছাড়াই বাস্তব ও ভৌতিক আবহ তৈরি করেছিল।

 

গোলকোন্ডা ফোর্ট গোলকোন্ডা ফোর্ট বা গোলকোন্ডা দুর্গ ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি সুরক্ষিত দুর্গনগরী ও ধ্বংসপ্রাপ্ত শহর। মূলত, একাদশ শতকে কাকতীয় শাসক প্রতাপরুদ্র তৈরি করেছিলেন এটি। এর প্রাচীর কাদামাটি দিয়ে তৈরি। ‘গোলকোন্ডা’ তেলেগু শব্দ; যার অর্থ ‘রাখালের পাহাড়’। দুর্গটি নিয়ে নানা মতান্তর রয়েছে। এটাও মনে করা হয়, কাকাতীয় শাসক গণপতিদেব ১১৯৯-১২৬২ সালে তাদের পশ্চিমাঞ্চল রক্ষার জন্য একটি পাথরের পাহাড়ের চূড়ায় ফাঁড়ি নির্মাণ করেছিলেন; যা পরবর্তীতে  গোলকোন্ডা দুর্গ নামে পরিচিতি লাভ করে। যাহোক, এই দুর্গে ভারতীয় অনেক সিনেমার শুটিং হয়েছে। ঐতিহাসিক ড্রামা থেকে রোমান্টিক গল্পের সিনেমার দৃশ্যধারণের কাজ এখানে হয়েছে। 

 

  ‘তেরে নাম’ সিনেমার বক্স অফিস ‘তেরে নাম’ সিনেমা মুক্তির পর দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল। প্ল্যানেট বলিউড দশে রেটিং দিয়েছিল ৮। সালমানের অভিনয়ের প্রশংসা করে বলেছিল—“সালমান খান তার মন-প্রাণ দিয়ে চরিত্রে মিশে গিয়েছেন।” গল্প, সালমান-ভূমির অভিনয় যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই সিনেমার গানগুলোও শ্রোতাপ্রিয়তা লাভ করে। বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছিল এটি। ১০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করেছিল ২৪.৫৫ কোটি রুপি।