চিত্রনায়িকা ফারিন খান চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায়ও নিয়মিত অভিনয় করছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। ফেসবুকে ধারাবাহিক পোস্টে এ অভিনেত্রী দাবি করেছেন, গত দুই বছর ধরে একজন প্রভাবশালী ব্যক্তির দ্বারা মানসিক নির্যাতন ও প্রতারণার শিকার হয়েছেন তিনি।
যদিও সরাসরি কারো নাম উল্লেখ করেননি ফারিন। তবে এটুকু স্পষ্ট করেছেন, ওই ব্যক্তি মিডিয়ারই একজন প্রভাবশালী কর্মী। এমনকি, আগামী ১৫ ফেব্রুয়ারি সবকিছু প্রকাশ্যে আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।
গত ৩১ জানুয়ারি, রাত ২টা ১৭ মিনিটে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ফারিন লেখেন, “বিগত ২ বছর যাবত মানসিক শক্তি হারিয়ে ফেলেছি, অনেক নির্যাতিত হচ্ছি আমি। আগামী ১৫ তারিখ সব প্রকাশ্যে নিয়ে আসব ইনশাআল্লাহ।”
বিষয়টি নিয়ে বহুবার কথা বলতে চাইলেও নানা কারণে প্রকাশ করতে পারেননি ফারিন। এরপর বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া আরেকটি পোস্টে ধর্মের দোহাই দিয়ে প্রতারণাকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফারিন। সেখানে তিনি প্রশ্ন তুলেন, “জুলুম, অত্যাচার, মিথ্যাচার, প্রতারণা কি বড় পাপ, নাকি বিশ্বাস করা ও ভালোবাসা বড় পাপ? হজ-নামাজ করে জুলুম-প্রতারণা কি বেশি হারাম?”
ফারিন খান
তার কথায় ইঙ্গিত মিলেছে, ধর্মীয় পরিচয়ের আড়ালে থাকা কোনো ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত করে রেখেছেন। এদিকে, একই দিন বিকেলে দেওয়া সর্বশেষ পোস্টে ফারিন আরো একধাপ এগিয়ে যান। এবার তিনি সরাসরি উল্লেখ করেন, তার ওপর নির্যাতনকারী ব্যক্তি একজন মিডিয়াকর্মী। পোস্টে তিনি লেখেন, “একজন মিডিয়াকর্মী হয়ে সে যে কত বড় জালেম, তার প্রমাণ দিতে চাই ১৫ তারিখ।”
ফারিনের এমন বিস্ফোরক মন্তব্যে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কে সেই অভিযুক্ত ব্যক্তি, তা জানতে এখন অপেক্ষায় ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা।