ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী। কাজ কমিয়ে দিলেও বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। এবার বলিউড সিনেমায় সাইফ আলী খানের সঙ্গী হলেন মিমি। ‘হাম হিন্দুস্তানি’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিনেমাটির ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ৩৭ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করছেন সাইফ আলী খান। টিজারে দেখা যায়, সাইফ আলী খানের বক্তব্য শুনে হাততালি দিচ্ছেন মিমি। এ অভিনেত্রীর পরনে আটপৌড়ে শাড়ি, গায়ে জড়ানো শাল। মিমিকে যে একেবারে অন্যরকম ভূমিকায় দেখতে পাবেন দর্শক, তা নিশ্চিত।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতের প্রথম জাতীয় নির্বাচনের পটভূমি নিয়ে গড়ে উঠেছে ‘হাম হিন্দুস্তানি’ সিনেমার কাহিনি। এই নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা একদল সরকারি কর্মকর্তার গল্প তুলে ধরা হয়েছে। ঔপনিবেশিক শাসনের রেশ, দেশভাগ এবং ব্যাপক সামাজিক অস্থিরতার উত্তাল প্রেক্ষাপটে এই দায়িত্বকে অনেকেই প্রায় অসম্ভব বলে মনে করেছিলেন। সেই মানুষগুলোর দৃঢ়তা, সহনশীলতা ও অদম্য সংকল্পের চিত্র সিনেমাটিতে দেখা যাবে।
গত বছরের মাঝামাঝি সময়ে ‘হাম হিন্দুস্তানি’ সিনেমার খবর প্রথম জানা যায়। অনেক আগেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়ে সাইফ আলী খানের ওপরে হামলা হয়। ফলে থমকে যায় সিনেমাটির শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
২০১৭ সালে মুক্তি পায় মিমি অভিনীত ‘পোস্ত’ সিনেমা। এটি পরিচালনা করেন নন্দিতা-শিবপ্রসাদ। পরে বলিউডে এ সিনেমার রিমেক নির্মিত হয়। এতেও অভিনয় করেন মিমি। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মিমি। ‘হাম হিন্দুস্তানি’ মিমির দ্বিতীয় হিন্দি ভাষার সিনেমা।