বিনোদন

শাহরুখের ব্যাগটির মূল্য জানেন?

বলিউড অভিনেতা শাহরুখ খান শুধু ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার জন্যই পরিচিত নন; একজন ফ্যাশন আইকনও। প্রায়ই তাকে দামি, বিরল এবং আইকনিক ফ্যাশন পিস বহন করতে দেখা যায়। কয়েক দিন আগে ভারতের মুম্বাই বিমানবন্দরে তার উপস্থিতি সকলের নজর কেড়েছে। এবার দেখা দিয়েছেন কমলা রঙের হারমেস ব্যাগ নিয়ে; যার মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে।  

গত ২৯ জানুয়ারি, মাস্ক ছাড়াই মুম্বাই বিমানবন্দরে পৌঁছান শাহরুখ খান। ‘পাঠান’ অভিনেতার সঙ্গে ছিলেন তার ম্যানেজার ও নিরাপত্তারক্ষীদের একটি দল। তার উপস্থিতি যেমন নজর কাড়ে, তেমনই সকলের চোখ আটকে যায় তার উজ্জ্বল কমলা রঙের ব্যাকপ্যাকে।

বলে রাখা ভালো, শাহরুখ খানের ব্যাগটি তৈরি করেছে ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড হারমেস। খোঁজ নিয়ে জানা যায়, শাহরুখ যে ব্যাগটি বহন করছিলেন, তার নাম—‘অ্যাক আ ডস পিএম’। ব্যাগটি বিভিন্ন রঙে তৈরি হয়েছে। তবে শাহরুখ খানের ব্যবহৃত রংটি হারমেসের অফিশিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত নয়। অর্থাৎ সম্ভবত এটি ভারতীয় সুপারস্টারের জন্য বিশেষভাবে তৈরি একটি কাস্টম পিস, যা একে আরো আলাদা করে তুলেছে।

ব্র্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী, এই ব্যাকপ্যাক ফ্রান্সে তৈরি করা হয়েছে। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে বারেনিয়া ফুবুগ কাফস্কিন। এতে রয়েছে একটি বড় কম্পার্টমেন্ট, ভেতরের দিকে একটি ব্যাক পকেট। প্যালাডিয়াম-প্লেটেড ডি-রিং যুক্ত এই দামি ব্যাগটিতে রয়েছে অ্যাডজাস্টেবল শোল্ডার স্ট্র্যাপ, যা কাঁধে, ক্রস-বডি বা ব্যাকপ্যাক—যেভাবে ইচ্ছে বহন করা যায়। এ ব্যাগের মূল্য ১২ হাজার ৮০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ ৫৮ হাজার টাকার বেশি। 

শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। কিছু দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির একঝলক। শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখ। 

এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী জুনে শেষ হবে। চলতি বছরের বড়দিনে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

*পিঙ্কভিলা অবলম্বনে