বিনোদন

স্কুল ছাত্রদের সেই ‘ওয়ারফেজ’ ব্যান্ড পাচ্ছে একুশে পদক

বাংলাদেশের হেভিমেটাল সংগীতের ইতিহাসে যে নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে বিদ্রোহ, প্রেম, স্বপ্ন আর তারুণ্যের ঝড়—সেই ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার পাচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।

স্কুলপড়ুয়া কয়েকজন কিশোরের হাত ধরে ১৯৮৪ সালে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে দেশের রক সংগীতের এক অনিবার্য অধ্যায়। দীর্ঘ চার দশকের সংগীতযাত্রায় তারা শুধু গান তৈরি করেনি, তৈরি করেছে এক প্রজন্মের অনুভব, প্রতিবাদ আর ভালোবাসার ভাষা। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

ওয়ারফেজের শুরুর দিনগুলো ছিল একেবারেই ভিন্ন। ব্যান্ডটি তখন ইংরেজি গান কাভার করত। মাঝেমধ্যে তাদের গান শোনা যেত রাজধানীর রাশান কালচারাল সেন্টারেও। 

তবে সময় বদলে দেয় মানুষকে, আর মানুষ বদলে দেয় ইতিহাসকে। সে সময়ের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক-এর ভোকাল প্রয়াত মাকসুদুল হক-এর পরামর্শেই ইংরেজি গান ছেড়ে বাংলা গানে ঝুঁকে পড়ে ওয়ারফেজ। এরপর আর তাদের ফিরে তাকাতে হয়নি। 

সংগীত জগতে ওয়ারফেজের আত্মপ্রকাশ ঘটে ১৯৮৪ সালের ৫ জুন। এরপর ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামের প্রথম অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে ব্যান্ডটির অ্যালবামযাত্রা শুরু হয়। 

মজার বিষয় হলো—প্রথম দিকের সদস্যতালিকার অধিকাংশই ছিলেন সেন্ট যোসেফ স্কুলের ছাত্র। অর্থাৎ স্কুলের বেঞ্চ আর গিটারের তার মিলিয়েই শুরু হয়েছিল দেশের অন্যতম বড় ব্যান্ডের ইতিহাস। 

বর্তমানে ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা হলেন—ইব্রাহীম আহমেদ কমল (লিড গিটার), শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), সামস মনসুর (কিবোর্ড), নাঈম হক রজার (বেস গিটার), সামির হাফিজ, সৌমেন দাস (লিড গিটার), পলাশ নূর (ভোকাল)। 

ওয়ারফেজ এ পর্যন্ত প্রকাশ করেছে আটটি অ্যালবাম, পাশাপাশি কিছু মিক্সড অ্যালবাম ও একক গান। তাদের গান শুধু জনপ্রিয় নয়, অনেক গান আজ দেশের রক সংগীতের কালজয়ী তালিকায় জায়গা করে নিয়েছে। 

‘ওয়ারফেজ’ মানেই একের পর এক স্মরণীয় গান। তাদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘বসে আছি একা’, ‘একটি ছেলে’, ‘স্বাধিকার’, ‘অবাক ভালোবাসা’, ‘ধূপছায়া’, ‘জননী’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘প্রতিচ্ছবি’, ‘ধূসর মানচিত্র’, ‘মুক্তি চাই’, ‘মনে পড়ে’, ‘আলো’, ‘যত দূরেই থাকো’, ‘সময়’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’, ‘রূপকথা’, ‘সত্য’, ‘প্রতীক্ষা’ প্রভৃতি।