সংগীতশিল্পী কনার জন্য মার খেয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় এক যুগ আগে বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে এমন ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ফারিয়া।
কয়েক দিন আগে একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন নুসরাত ফারিয়া। এ আলাপচারিতায় এই অভিনেত্রী বলেন, “কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন—কনা আপু, জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।”
ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত ফারিয়া বলেন, “কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম, ‘এ ঘটনার জন্য কনা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।’ তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরো কম ছিল, রক্ত গরম ছিল, মাথা গরম ছিল।”
চট্টগ্রামে জন্ম নেওয়া নুসরাত ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। ছোটবেলায় তার স্বপ্ন ছিল আর্মি অফিসার হওয়ার। কিন্তু জীবনের পথ বদলে দেয় অন্য এক আহ্বান। মিডিয়ায় পা রাখেন একজন রেডিও জকি হিসেবে। তারপর ধাপে ধাপে এগিয়ে যান জনপ্রিয় টিভি উপস্থাপিকার কাতারে।
এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজে আলোচিত-সমালোচিত নাম নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে কেবল একজন উপস্থাপিকা ছিলেন। সময়ের পরিক্রমায় এ অভিনেত্রী দুই বাংলার বড় পর্দার পরিচিত মুখ হয়ে উঠেন। নুসরাতের এই রূপান্তর মসৃণ বা সহজ ছিল না; বরং তার পথচলায় ছিল চড়াই-উতরাই, প্রশংসা আর সমালোচনার পাশাপাশি আত্মপ্রতিষ্ঠার এক কঠিন সংগ্রাম।