বিনোদন

হঠাৎ পুলিশ প্লাজায় বুবলী, সঙ্গে গৌতম-বারিশ

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। বছরজুড়েই কোনো না কোনো কারণে তিনি আলোচনায় থাকেন। সিনেমার পাশাপাশি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি বুবলী কিংবা শাকিব খান।

এরই মধ্যে হঠাৎ করেই রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে হাজির হন এই নায়িকা। সেখানে তার সঙ্গে দেখা গেছে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, এবং ইমতু রাতিশকে।

জানা গেছে, গতকাল ৬ ফেব্রুয়ারি পুলিশ প্লাজায় অনুষ্ঠিত হয় ‘ন্যাচারালস বাই রাখি’ ব্র্যান্ডের নতুন শোরুমের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলীসহ সংশ্লিষ্টরা। এসময় প্রতিষ্ঠানটির কর্ণধার রাখিসহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বুবলীকে দেখা যায় বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে গ্ল্যামারাস লুকে হাজির হতে। উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি।

অন্যদিকে বুবলীর হাতে বর্তমানে কয়েকটি চলচ্চিত্রের কাজ রয়েছে। চলমান সিনেমাগুলোর পাশাপাশি নতুন সিনেমার কথাও ভাবছেন তিনি। পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন, প্রমোশনাল ইভেন্ট এবং ফটোশুটেও অংশ নিচ্ছেন এই নায়িকা।