বিনোদন

আমার সঙ্গে কেউ কাজ করতে চায়নি: রিয়া

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যু নিয়ে তৈরি হয় জটিলতা। প্রেমিকের মৃত্যুর শোক পালনেরও সুযোগ পাননি রিয়া। বরং তাকে ২৭ দিন কারাভোগ করতে হয়। তারপর এ অভিনেত্রীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে।  

দীর্ঘ সময় মূলধারার অভিনয় থেকে দূরে ছিলেন রিয়া চক্রবর্তী। কারণ কেউ তাকে কাজে নিতে চাইতেন না। তীব্র সমালোচনার প্রায় ৭ বছর পর, হংসল মেহতার একটি সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। এসব তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন রিয়া।  

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী বলেন, “অভিনয়ের জন্য এক দশকেরও বেশি সময় ধরে পরিশ্রম করেছি, এর জন্য আমাকে বহু থেরাপি সেশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু সেই অভিনয়ের স্বপ্নটা ছেড়ে দিতে হয়। এটা নিয়ে চিন্তা করাও বন্ধ করতে হয়েছিল। কারণ এটা তখন আমার নাগালের বাইরে ছিল; আমি অভিনয়ের সুযোগ পাচ্ছিলাম না, কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি।” 

তবে নতুন প্রজেক্টে কাজ করতে প্রথমে রাজি ছিলেন না রিয়া। এ ঘটনা বর্ণনা করে তিনি বলেন, “হংসল স্যার আর লেখক আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমাকে কে আটকে রেখেছে?’ জবাবে আমি বলেছিলাম, ‘আমি অভিনয় ছেড়ে দিয়েছি।’ তখন উনারা বলেছিলেন, ‘এটা তো আরো বড় কারণ।’ এই কাজটি করার কারণ হলো—এখানে ভালো করলাম কি না, তা গুরুত্বপূর্ণ নয়। আমি এখন খুব খুশি যে, ‘হ্যাঁ’ বলেছিলাম। সেটে ফিরে আসার অভিজ্ঞতা একেবারেই আলাদা ছিল।” 

পেশাগত সমস্যার বাইরেও ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন, সেই নারীদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়া। তিনি বলেন, “আমার বান্ধবীরা আমাকে দেখিয়েছে সত্যিকারের বন্ধুত্ব কাকে বলে! কোনো কারণ ছাড়াই ভালোবাসা পাওয়া, এমনকি তাদের নিজের জীবন আর জীবিকা ঝুঁকিতে পড়লেও এটা ছিল অসাধারণ।”  

এ সময় গায়িকা-অভিনেত্রী শিবানি দান্ডেকরকে ‘বোন’ বলে মন্তব্য করেন রিয়া। প্রকাশ্যে রিয়াকে সমর্থন জানানোর কারণে শিবানি একাধিক বিজ্ঞাপনের কাজও হারিয়েছেন। এ তথ্য পরে জানতে পারেন রিয়া।

এসব তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমি কৃতজ্ঞ। কারণ এমন নারীরা আমার জীবনে আছেন, যারা একে অপরকে তুলে ধরেন। একদিকে, আমি মানুষের সবচেয়ে খারাপ দিকটা দেখেছি, আবার অন্যদিকে মানবতার সবচেয়ে সুন্দর দিকটাও অনুভব করেছি।” 

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন রিয়া। খুব শিগগির ‘ফ্যামিলি বিজনেস’ শিরোনামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—অনিল কাপুর, বিজয় ভার্মার মতো তারকারা। চলতি বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এটি মুক্তির কথা রয়েছে।  

বলে রাখা ভালো, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের মৃতদেহ। এ খবর প্রকাশ্যে আসার পর হতবাক হয়ে যান তার ভক্ত-অনুরাগীরা। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। কারণ বান্দ্রার সেই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সুশান্ত ও রিয়া। কিন্তু সুশান্তর মৃত্যুর কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। ক্লোজার প্রতিবেদনও জানানো হয়েছে, ঘটনার দিন ফ্ল্যাটে ছিলেন না রিয়া।