সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। চিকিৎসকের পরামর্শে এখন বিশ্রামে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সাভারের আলোচিত বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় তার জেরা আবারো পিছিয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া আদালতে পরীমণির জেরার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় আগামী ৯ আগস্ট নতুন দিন নির্ধারণ করেন আদালত।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে জানান, সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করানোয় অভিনেত্রী শারীরিকভাবে অসুস্থ। এ কারণে আদালতে হাজির হওয়া সম্ভব হয়নি। সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগেও একাধিকবার পরীমণির জেরা পিছিয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর তার দুই সন্তানের টিকা দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত হতে পারেননি পরীমণি। ফলে সেদিনও জেরা হয়নি। গত বছরের ২৬ মে আদালতে হাজির হলেও শুনানির সময় অসুস্থ হয়ে পড়ায় জেরা স্থগিত করা হয়।
বলে রাখা ভালো, ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমণি। এরপর ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন তিনি। পোস্টটি দ্রুত ভাইরাল হলে পরের দিন নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ জানান।
পরে সাভার মডেল থানায় মামলা করেন পরীমণি। মামলার পর রাজধানীর উত্তরার বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অন্য আসামি শহীদুল আলমসহ তিনজনই বর্তমানে জামিনে রয়েছেন।
২০২২ সালের ১৮ মে, অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত। একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।