আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণের সব আয়োজন যেমন সম্পন্ন হয়েছে, তেমনই ভোট প্রদানের জন্য নিজ নিজ এলাকায় ছুটে যাচ্ছেন দেশের নাগরিকরা।
নতুন সরকারের কাছে সাধারণ মানুষ নানা প্রত্যাশা ব্যক্ত করছেন, শোবিজ অঙ্গনের তারকারাও তার ব্যতিক্রম নয়। নির্বাচন, নতুন সরকার ও দেশ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করে অপু বিশ্বাস বলেন, “যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাই, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।”
নতুন সরকারের কাছে দুটো দাবি জানিয়েছেন অপু বিশ্বাস। এ অভিনেত্রী বলেন, “নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে, তা আমি চাই। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।”
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেন অপু বিশ্বাস। যদিও বেশ কিছুদিন ধরে নতুন সিনেমার খবরে নেই তিনি। তবে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারে নিয়মিত ছিলেন। সম্প্রতি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অপু। পাশাপাশি নিজের ব্যবসায়ও মন দিয়েছেন।