বিনোদন

ভিডিও ক্লিপ নিয়ে কেন বিতর্কে আল্লু অর্জুন?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। 

মূলত, ভাইরাল ভিডিওটি একটি পডকাস্টের। এ অনুষ্ঠানে একজন ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট দাবি করেন, অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে দেখা করতে হলে ৪২টি নিয়ম মানতে হয়। এর মধ্যে একটি হলো—অভিনেতার চোখে চোখ রাখা যাবে না, অন্যটি হাত মেলানো থেকে বিরত থাকা। এসব দাবি নিয়ে আল্লু অর্জুনের ভক্ত ও নেটিজেনদের মাঝে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। ফলে বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনেতা ট্রেন্ডিংয়ে রূপ নিয়েছেন।

অনেকে প্রশ্ন তুলেছেন, এসব নিয়মের কি আদৌ প্রয়োজন আছে? কেউ কেউ মনে করছেন, এটি আল্লু অর্জুনের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে খাটো করার জন্য বলিউডের একটি পরিকল্পনা। কারণ ‘পুষ্পা টু’ সিনেমার সাফল্য। আর নতুন সিনেমায় বলিউডের দীপিকা পাড়ুকোনের মতো তারকার সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার ঘটনাকে বলিউডের কিছু মহল আল্লু অর্জুনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে।   একজন প্রযোজক ডেকান ক্রনিকল-কে বলেন, “বলিউড মিডিয়া ও কিছু অভিনেতা মাঝে মাঝে প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করতে একজোট হন। আল্লু অর্জুনের সাফল্য কিছু মানুষের অস্বস্তির কারণ হতে পারে।”

আল্লু অর্জুনকে নিয়ে যখন জোর চর্চা চলছে অন্তর্জালে, তখন বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় এই তারকা। তবে সব বিতর্কের অবসান ঘটিয়ে সত্যতা জানিয়েছে আল্লু অর্জুনের টিম। এক বিবৃতিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিনেতা সবসময় মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করে থাকেন। আর ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং যাচাই বিহীন কোনো খবর না ছড়ানোর আহ্বানও জানান তারা। 

আল্লু অর্জুনই প্রথম কোনো তারকা নন, এর আগেও ভারতীয় দক্ষিণী সিনেমার তারকা এমন সমালোচনার মুখে পড়েছিলেন। কয়েক বছর আগে ‘বাহুবলী’ ও ‘সাহো’ সিনেমার সাফল্যের পর অভিনেতা প্রভাসও একই ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন। অনেকের মতে—দক্ষিণ সিনেমার অভিনেতারা যখন বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন, তখন প্রায়ই তারা এমন ঘটনার সম্মুখীন হন।