বিনোদন

তারকাদের কে কোথায় ভোট দেবেন?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি শোবিজ অঙ্গনেও কৌতূহল তৈরি হয়েছে—তারকারা কে কোথায় ভোট দেবেন?

কেউ নির্বাচনি প্রচারে সক্রিয়, কেউ ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার বিদেশে অবস্থানের কারণে কেউ কেউ এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা দীর্ঘদিন ধরে গুলশানে বসবাস করছেন এবং সেখানকারই ভোটার। নিজ বাসা থেকে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন তিনি। গণমাধ্যমকে ববিতা বলেন, “আশা করছি সুন্দরভাবে ভোট দিতে পারব। আমি, চম্পা ও সুচন্দা আপা একসঙ্গে কেন্দ্রে যাব, তারপর ভোট দেব।”

গুণী অভিনেতা তারিক আনাম খান আগে মগবাজারে থাকলেও বর্তমানে বনানীর বাসিন্দা। তিনি জানান, এবার বনানীতেই ভোট দেবেন। অন্যদিকে মেগাস্টারখ্যাত নায়ক উজ্জ্বলও বনানীর ভোটার। ভোটকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “অনেকদিন আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি। এবার সেই সুযোগ এসেছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব বলে আশা করছি।”

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ঢাকার উত্তরার বাসিন্দা। ভোট দেওয়াকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “ভোট দেওয়া নৈতিক দায়িত্ব। এটি আমার মতামত প্রকাশের সুযোগ। ১১টার দিকে বাসার কাছের কেন্দ্রেই ভোট দিতে যাব।”

রেকর্ডসংখ্যক সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করা মিশা সওদাগর ঢাকার দিলু রোড এলাকার ভোটার। তিনি জানান, সেখানেই ভোট দেওয়ার ইচ্ছা তার।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ঢাকার মোহাম্মদপুরের ভোটার। নিজ এলাকাতেই ভোট দেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত-বর্ষা ভোট দেবেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে (দক্ষিণ পাশের ভবন)। সকালেই ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন তারা।

চিত্রনায়ক ওমর সানী ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি ভোট দেবেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। সময় আনুমানিক সকাল ১১টা/১২টার দিকে।

চিত্রনায়িকা তমা মির্জা ঢাকা-১১ আসনের ভোটার। তিনি ভোট দেবেন মহানগর কলেজ কেন্দ্রে, সময় দুপুর ১টা। চিত্রনায়িকা তানহা তাসনিয়া ভোট দেবেন লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে, সময় দুপুর ২টা। চিত্রনায়িকা মৌ খান ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি ভোট দেবেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে, সময় বেলা ১২টা। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ভোট দেবেন রাজউক উত্তরা মডেল ভোট কেন্দ্রে, দুপুরে। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, সময় বেলা ১১টা। অভিনেত্রী শবনম ফারিয়া ভোট দেবেন শান্তিনগর তাকওয়া মডেল মাদ্রাসায়, দুপুরে।

জানা গেছে, চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। তবে বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় ভোট দেবেন কি না, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন মিরপুরের বাসিন্দা। সম্প্রতি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন। ভোট প্রসঙ্গে তিনি বলেন, “অনেক দিন পর একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি। সুষ্ঠু ভোট হলে জবাবদিহিতামূলক সরকার ও ভালো বিরোধী দল পাব আমরা।” চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেবেন বলে জানা গেছে। এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার।