বিনোদন

‘ভীষণ রাগ হলে গাড়ির কাচ তুলে চেঁচাই’

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। ২০০৯ সালে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। লোকসভা নির্বাচনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চব্বিশে তৃণমূলের টিকিট নিয়ে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ‘গুরুদক্ষিণা’খ্যাত এই নায়িকা। 

বিরতি ভেঙে গত বছর অভিনয়ে ফিরেছেন। তবে নিয়মিত নন। কারণ প্রচন্ড কাজের চাপ। এসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন শতাব্দী। এ আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, কিছু দিনের মধ্যেই রাজ্যেসভার নির্বাচন। প্রচারের সময়ে মানসিক ও শারীরিকভাবে স্ট্রেস–ফ্রি থাকতে কী করেন? 

এ প্রশ্নের জবাবে শতাব্দী রায় বলেন, “কিছুই করি না। ভীষণ রাগ হলে গাড়ির কাচ তুলে দিয়ে চেঁচাই। যাতে সেই রাগটা অন্যের উপরে না পড়ে। সত্যি বলতে প্রচারপর্বে কিছুটা স্ট্রেস থাকে, তবে সেটা সময়ের সঙ্গে আর ততটা অস্বস্তি তৈরি করে না।”  

একটি উদাহরণ টেনে শতাব্দী রায় বলেন, “ধরুন, ছয়টা মিটিং আছে। কিন্তু গিয়ে ৩৬টা মিটিং করতে হয়। শুরুর দিকে বিষয়টি নিয়ে বিরক্ত হতাম। তবে আস্তে–আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছি। একবার বিরক্ত হয়ে দিদিকে (মমতা ব্যানার্জি) বলেছিলাম, ৭টা বলে পঁয়ত্রিশটা মিটিং করিয়েছে। এটা শুনে উনি পাল্টা বলেছিলেন, ‘আমাকেও তো তাই করতে হয়। ওটা নিয়ে ভেব না।’ তাই দিদিকেও যখন এটা করতে হয়, আমাকে তো হবেই।”