বিনোদন

বিজয়-রাশমিকার বিয়েতে মুঠোফোন নিষিদ্ধ!

ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। এ জুটির প্রেমের খবর কারো অজানা নয়। গত বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাসভবনে বাগদান সারেন। গুঞ্জন রয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন এই জুটি।

এরই মধ্যে তাদের বিয়ের একটি কার্ড অন্তর্জালে ভাইরাল হয়েছে। তাতেও বিয়ের দিন ‘২৬ ফেব্রুয়ারি’ উল্লেখ করা হয়েছে। যদিও বিয়ের কার্ডের সত্যতা নিয়ে কোনো বক্তব্য দেননি রাশমিকা কিংবা বিজয়। স্বীকার না করলেও বিজয়ের বিলাসবহুল বাড়ি আলোক সজ্জায় সেজে উঠেছে। ফলে কারো বুঝতে বাকি নেই, পূর্ব নির্ধারিত তারিখে সাতপাকে বাঁধা পড়বেন এই যুগল!  

বিজয়-রাশমিকার বিয়েতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে মুঠোফোন। কারণ বিজয় ও রাশমিকা তাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগত রাখতে চান। তারা চান না বিয়ের অনুষ্ঠান জনসমক্ষে আসুক। নিজেদের সম্পর্ক নিয়ে এ জুটি কম প্রচার চান বলেই বিয়েতে ‘নো-ফোন’ নীতি গ্রহণ করেছেন; যাতে অনুষ্ঠানের কোনো ছবি ফাঁস না হয়। 

বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত অফিসিয়াল টিমকে একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে সই করতে বলা হয়েছে। এই বিয়েতে ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো তারকা অভিনেতা বা সহকর্মীকে নিমন্ত্রণ জানানো হয়নি। শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। 

রাশমিকা-বিজয়ের ফাঁস হওয়া আমন্ত্রণপত্রে বিয়ের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২৬ ফেব্রুয়ারি। রাজকীয় আবহের জন্যই এই জুটি বিয়ের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর। 

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। বিশেষত্ব হলো বিয়ের সব আনুষ্ঠানিকতায় থাকবে তেলুগু ও কুর্গি—দুই পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন। হায়দরাবাদে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমন্ত্রণপত্র থেকে জানা যায়, আগামী ৪ মার্চ সন্ধ্যা ৭টায়, তাজ কৃষ্ণ হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

*পিঙ্কভিলা অবলম্বনে