বিনোদন

হাসপাতালে ফজলুর রহমান বাবু

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুকে। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই তারকা অভিনেতা। ডিরেক্টরস গিল্ডের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (২ মার্চ) রাতে কামরুজ্জামান সাগর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এই নাট্যনির্মাতা বলেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গুণী অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৬ তারিখ (১৬ ফেব্রুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালে ভর্তি হন।” 

ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। এ তথ্য জানিয়ে কামরুজ্জামান সাগর বলেন, “পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে মেজর ব্লক ধরা পড়ে। গত ১৯ তারিখ (১৯ ফেব্রুয়ারি) সফলভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়।”

ফজলুর রহমান বাবুর বর্তমান শারীরিক অবস্থা বর্ণনা করে সাগর বলেন, “আল্লাহর রহমতে বাবু ভাই এখন আগের চেয়ে ভালো আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য সবাই তার জন্য প্রাণভরে দোয়া করবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রিয় বাবু ভাই!”

ফজলুর রহমান বাবুর অসুস্থতার খবর ছড়িয়েপড়ার পর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সুস্থতা কামনা করছেন। অভিনেত্রী ফারজানা চুমকি লেখেন, “অনেক দোয়া বাবু ভাইয়ের জন্য।” তমালিকা কর্মকার লেখেন, “দ্রুত সুস্থ হয়ে উঠুন বাবু ভাই।” রোজী সিদ্দিকী লেখেন, “অনেক দোয়া রইল বাবু ভাই।”