বিনোদন

যুদ্ধের ছায়া পেরিয়ে মঞ্চে নুসরাত ফারিয়া

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, আকাশপথে অনিশ্চয়তা, বিমানবন্দরে দুশ্চিন্তার ঘনঘটা। এমন এক সময়েই ইস্তাম্বুলে আটকে পড়েছিলেন ঢালিউডের অভিনেত্রী নুসরাত ফারিয়া।  

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে ভ্রমণ পরিকল্পনায় জটিলতা তৈরি হয়। উদ্বেগ আর অপেক্ষার মধ্যেই শেষ পর্যন্ত ঢাকায় ফেরেন নুসরাত ফারিয়া। আর দেশে ফিরেই বিশ্রাম নয়, সরাসরি কাজে যোগ দেন এই তারকা। 

রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করেন মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট। গত ১ মার্চ আয়োজিত অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল কেন্দ্রবিন্দুতে। 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক। কোম্পানির প্রধান কর্মকর্তা এনএইচ ফাহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন উদ্বোধনী আয়োজনে। 

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে নুসরাত ফারিয়া বলেন, “মৌসুমি লাইফস্টাইল মার্ট দীর্ঘদিন ধরে আস্থা ও মান বজায় রেখে কাজ করে যাচ্ছে। নতুন এই আউটলেটের উদ্বোধনে থাকতে পেরে তিনি আনন্দিত। আশা করি, ক্রেতারা এখানে একটি সুন্দর শপিং অভিজ্ঞতা পাবেন।” 

প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক জানান, ১৯৭২ সাল থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকের বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছে। যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট চালুর মাধ্যমে আরও বিস্তৃত পরিসরে সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আধুনিক পরিবেশ ও মানসম্পন্ন পণ্যের মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে চান বলেও জানান তিনি।