রুপালি জগত থেকে রাজনীতির মাঠে নামছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভা নির্বাচনে অংশ নেবেন তিনি। মজার বিষয় হলো, এ নির্বাচনে জিততে জনগণের ভোট প্রয়োজন হবে না এই নায়িকার।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। দেশটির মোট ১০টি রাজ্যের মধ্যে ৩৭টি রাজ্যসভা আসনে ভোটগ্রহণ হবে। এরমধ্যে পশ্চিমবঙ্গের পাঁচটি আসন রয়েছে। আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। কয়েক দিন আগে রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যসভা নির্বাচনে বিজয়ী হতে কোয়েল মল্লিকের জনগণের ভোট প্রয়োজন হবে না। কারণ রাজ্যসভা হলো সংসদের স্থায়ী কক্ষ। এখানে সাধারণ মানুষ সরাসরি ভোট দেন না। বরং বিধায়করা ভোট দিয়ে রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করেন। পশ্চিমবঙ্গে বিধানসভায় তৃণমূলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দল যাকে প্রার্থী করবে, তার জয় কার্যত নিশ্চিত।
এবারের রাজ্যসভা নির্বাচনে একজন প্রার্থীকে জয়ী করতে ৫০ জন বিধায়কের ভোট পেতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২৩ জন। ফলে অনায়াসে চারজন প্রার্থীর জয় পাকা।
রাজ্যসভা নির্বাচনে বিধায়কদের দেখাতে হয়, তারা কাকে ভোট দিচ্ছেন (উন্মুক্ত ব্যালট)। ফলে দলীয় হুইপ অমান্য করে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা খুব কম থাকে। শাসক দল মনোনীত প্রার্থী হিসেবে কোয়েলের পার্লামেন্টে যাওয়া এখন সময়ের অপেক্ষা।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন কোয়েল মল্লিক। দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন। তবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে তার বিতর্ক নেই! বলা যায়, মল্লিকবাড়ির কন্যার জীবনটা পরিচ্ছন্ন।
রুপালি জগতে কাজ করেও এতটা পরিচ্ছন্ন জীবনযাপন করা মুশকিল! ২২ বছরের ক্যারিয়ারে যেমন বিতর্ক নেই, তেমনই বেফাঁস মন্তব্য করতেও দেখা যায়নি তাকে। পরিচ্ছন্ন ভাবমূর্তি, টলিউডে প্রশ্নহীন জনপ্রিয়তা, রাজনৈতিক কোনো বিতর্ক না থাকার কারণে কোয়েলকে রাজ্যসভার আদর্শ প্রার্থী করে তুলেছে।