দুই পর্দার জনপ্রিয় অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা। যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা গেছেন তিনি।
যশোরে মঞ্চনাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন বৈদ্যনাথ সাহা। আশির দশকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ক্যামেরার সামনে অভিনয় শুরু করেন। ‘নদী থেকে সমুদ্রে’, ‘এ মধুর খেলা’, ‘শ্রাবণে বসন্ত’সহ অনেক নাটকে কাজ করেছেন। জাহিদ হাসান পরিচালিত ‘লাল নীল বেগুনী’ ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বৈদ্যনাথ।
বেশকিছু জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন বৈদ্যনাথ। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত মুঠোফোন অপারেটরের একটি বিজ্ঞাপনে অভিনয় করে দারুণ পরিচিতি লাভ করেন।
কেবল ছোটপর্দা নয়, চলচ্চিত্রেও অভিনয় করেছেন বৈদ্যনাথ সাহা। ‘শত্রু শত্রু খেলা’, ‘কোটি টাকার কাবিন’, ‘নীতিবান অফিসার’, ‘মিশন এক্সট্রিম’, ‘অপারেশন সুন্দরবন’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে তাকে।