বিনোদন

রাজনীতিতে পা রাখবেন ঋতুপর্ণা?

রুপালি জগত থেকে রাজনীতির মঞ্চে অনেক তারকা শিল্পী পা রেখেছেন। পৃথিবীর সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ ঘটনা ঘটে থাকে। ভারতীয় বাংলা সিনেমার তারকাদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এ তালিকায় রয়েছেন—তাপস পাল, শতাব্দী রায়, দেব, নুসরাত জাহান, মিমি চক্রবর্তীসহ অনেকে। কয়েক দিন আগে সবাইকে চমকে দিয়ে তৃণমূল থেকে রাজ্যসভার টিকিট পেয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। 

কোয়েল রাজনীতিতে পা রাখার পর ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে প্রশ্নে উঠেছে। অনেকে জানতে চেয়েছেন তিনিও কি এই অঙ্গনে নিজেকে জড়াবেন? এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ‘প্রাক্তন’ তারকা।  

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি ঠিক রাজনীতির ময়দানের জন্য নই। আমাকে সকলে খুব ভালোবাসেন, সকলে চেনেন। আমি যে রাজনীতির ময়দানে থাকতে চাই না, তা সকলেই জানেন।” 

খানিকটা ব্যাখ্যা করে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমার একধরনের কাজ রয়েছে, অভিনয়, সংসার, নাচের স্কুল, নানা ধরনের শো, প্রযোজনা। এছাড়াও নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। তাই রাজনীতির জন্য আবার সময় বের করা সমস্যা।”   

কাজের মাধ্যমেই সমাজের জন্য কিছু করতে চান ঋতুপর্ণা। চরিত্র নির্বাচনের মাধ্যমে নিজের মতামত রাখতে চান বলেও জানান এই অভিনেত্রী। 

কোয়েল মল্লিকের জন্য শুভেচ্ছা রেখে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “কোয়েল খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে বহু বছরের সম্পর্ক, খুব ভালো অভিনেত্রী, রঞ্জিতদার মেয়ে, নিসপাল সিং রানের স্ত্রী। ওদের প্রযোজনায় অনেক সিনেমা করেছি। ওকে অনেক শুভেচ্ছা। ওর মধ্যে নিশ্চয়ই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল। আশা করি, অভিনয়ের মতো নতুন দায়িত্ব নিয়েও খুব ভালো কাজ করবে।”