বিনোদন

ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল পাঁচ গান

ভারতীয় সিনেমার অন্যতম বড় আকর্ষণ গান। বলিউড থেকে দক্ষিণী চলচ্চিত্র, অনেক সময় সিনেমার স্মরণীয় অংশ হয়ে ওঠে গানগুলো। এসব গান দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য নির্মাতারা সেট, পোশাক, ভিজ্যুয়াল ইফেক্ট এবং আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের জন্য বিপুল অর্থ ব্যয় করে থাকেন। প্যান-ইন্ডিয়া সিনেমার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গানের বাজেটও বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল পাঁচ গান নিয়ে এই প্রতিবেদন—

পেয়ার কিয়া তো ডরনা কেয়া বলিউড ইতিহাসে সর্বকালের সেরা অন্যতম সিনেমা ‘মোগল-ই-আজম’। পরাক্রমশালী মোগল সম্রাট আকবরের পুত্র সেলিমের সঙ্গে রাজপ্রাসাদের নর্তকী আনারকলির বিয়োগান্তক প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। আনারকলি চরিত্রে অভিনয় করেন মধুবালা। কে আসিফ পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় বাকি দুই চরিত্রে অনবদ্য অভিনয় করেন—পৃথ্বীরাজ কাপুর, দিলীপ কুমার।

সিনেমাটিতে ব্যবহার করা হয়—‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’ শিরোনামে একটি গান। এ গানের দৃশ্যধারণের জন্য শীশ মহলে শুটিং সেট তৈরি করা হয়। সেটটি তৈরিতে হাজার হাজার আয়না ব্যবহার করা হয়। এসব নির্মাণ করতে কয়েক মাস সময় লেগে যায়। ১৯৬০ সালে এমন একটি সেট নির্মাণ করা ভীষণ ব্যয়বহুল ছিল। এতে খরচ হয়েছিল ১ কোটি রুপি, যা বর্তমান সময়ে শতকোটি রুপির সমান।

তু হি রে  ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘রোবট ২.০’। সায়েন্স ফিকশন ঘরানার এই চলচ্চিত্রে ব্যবহার করা হয় ‘তু হি রে’ গানটি। ভবিষ্যতধর্মী গানটিতে অভিনয় করেন রজনীকান্ত ও অ্যামি জ্যাকসন। পরিচালক এস. শঙ্কর চলচ্চিত্রটিতে ভিজ্যুয়াল ইফেক্ট ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেন। গানটিতে অত্যাধুনিক ভিএফএক্স, জাঁকজমকপূর্ণ পোশাক, অত্যাধুনিক সেট ডিজাইন করা হয়; যা এটিকে ভারতের অন্যতম ব্যয়বহুল গানে পরিণত করে। এ গানে ব্যয় হয় ২০ কোটি রুপি। 

জিন্দা বান্দা বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘জওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—নয়নতারা, বিজয় সেতুপাতি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে—‘জিন্দা বান্দা’ শিরোনামে একটি আইটেম গান। বিশাল সেট নির্মাণ করে গানটির শুটিং করা হয়। গানটিতে শত শত নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন। এ গান নির্মাণে ব্যয় হয় ১৫ কোটি রুপি; যা আধুনিক বলিউডের বড় প্রযোজনার উদাহরণ।

ঝুমার সঞ্জয় লীলা বানসালি পরিচালিত প্রশংসিত সিনেমা ‘পদ্মাবত’। ঐতিহাসিক-ড্রামা ঘরানার এ সিনেমায় রানি পদ্মাবতী চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং ও শহিদ কাপুরও এতে অভিনয় করেন। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে ‘ঝুমার’ শিরোনামে একটি গান। গানটির জন্য প্রাসাদে নির্মাণ করা হয় সেট, ব্যবহার করা হয় জাঁকজমকপূর্ণ পোশাক, ঐতিহ্যবাহী রাজস্থানি কোরিওগ্রাফি। গানটিতে পারফর্ম করেন অসংখ্য নৃত্যশিল্পী। মুক্তির পর গানটি খুবই জনপ্রিয়তা লাভ করে। এ গান নির্মাণে ব্যয় হয় ১২ কোটি রুপি। 

রাম চাহে লীলা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘রাম-লীলা’। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় ব্যবহার করা হয় ‘রাম চাহে লীলা’ শিরোনামে আইটেম গান। এ গানে পারফর্ম করে নজর কাড়েন প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং। বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়া অধিক প্রশংসা কুড়ান। এ গানের শুটিংয়ের জন্য তৈরি করা হয় বিশাল সেট, আলোকসজ্জা। আর নৃত্যশিল্পীরা পরিধান করেন বিলাসবহুল পোশাক। এতে ব্যয় হয় ৬ কোটি রুপি।

*সিয়াসাত অবলম্বনে