বিনোদন

আইটেম গানে শরীর প্রদর্শন: ক্ষুব্ধ শাবানা আজমি

বেশ আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সংযোজিত হয়েছে আইটেম গান। ভারতের দক্ষিণী ও বলিউড চলচ্চিত্রে আইটেম গান এখন অবিচ্ছেদ্য অংশ। যেকোনো চলচ্চিত্রকে জনপ্রিয় করার মূলমন্ত্র হিসেবে বর্তমানে আইটেম গানকে সবচেয়ে বেশি সামনে তুলে ধরছেন পরিচালক-প্রযোজকরা।  

গত ১১ মার্চ মুম্বাইয়ে আয়োজিত ‘উই দ্য উইমেন ইভেন্ট’ শিরোনামের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন শাবানা আজমি। এ অনুষ্ঠানে সিনেমার আইটেম গানে নারীর শরীর প্রদর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের বরেণ্য এই অভিনেত্রী। পাশাপাশি পরিচালকদের উদ্দেশ্য নিয়েও কড়া সমালোচনা করেন তিনি।  

শাবানা আজমি বলেন, “মূলত, সিনেমাকে ছবির মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। আপনি যখন বিচ্ছিন্ন কিছু ছবি দেখান—যেমন: বুকের ঝাঁকুনি বা নাভির কম্পন। এগুলো তখন খণ্ড খণ্ড করে দেখানো হয়। শরীরের চারপাশে ক্যামেরা কীভাবে ঘোরে, সেটাই নির্ধারণ করে পরিচালকের আসল উদ্দেশ্য কী। আমার মনে হয়, আইটেম গানে একজন নারী তার সব নিয়ন্ত্রণ হারিয়ে পুরুষের দৃষ্টিভঙ্গির কাছে নিজেকে সমর্পণ করে।” 

খানিটক ব্যাখ্যা করে শাবানা আজমি বলেন, “সুতরাং সে (নারী) নিজেকে বস্তুতে পরিণত করছে। গানের যেসব কথা সে গাইছে, সেগুলো আমাকে ভীষণ, ভীষণ অস্বস্তিতে ফেলে এবং আমি এর সঙ্গে একমত নই। অনেক নারী বলেন, ‘যদি পুরুষরা করতে পারে তাহলে আমরা কেন পারব না?’ পুরুষরাও যদি নিজেদেরকে বস্তুতে পরিণত করতে রাজি থাকে, তাহলে আপনাকেও কেন তাতে রাজি হতে হবে? এই বিষয় নিয়ে আমার বড় সমস্যা। বেশিরভাগ সময় গল্পের সঙ্গে এসবের কোনো সম্পর্ক থাকে না। এটা আলাদা একটা বিষয় হয়ে দাঁড়ায়।” 

আইটেম গান নিয়ে সমাজের প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে শাবানা আজমি বলেন, “আইটেম গান নিয়ে সমাজের প্রতিক্রিয়া আমাকে চিন্তিত করে। কারণ আপনি বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন, ছোট ছোট বাচ্চারা ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ (বিখ্যাত আইটেম গান) গানটি গাইছে, সেটা দেখে সবাই হাসছেন। কেউ গানের কথার দিকে মনোযোগ দিচ্ছেন না, সবাই শুধু এর সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছেন।” 

*ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস অবলম্বনে