কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। এ সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর অন্যতম—আরেফিন। এ চরিত্র রূপায়ন করেন শামীম হাসান সরকার। কিন্তু মান-অভিমান থেকে সিরিজটি ছেড়ে দিয়েছিলেন তিনি। মান-অভিমান ভুলে দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ফিরলেন অভিনেতা শামীম হাসান সরকার। গতকাল এক সংবাদ সম্মেলনে ফেরার কথা এ অভিনেতা নিজেই জানান।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক ছেড়ে দেওয়া ও ফেরা নিয়ে বহু বছর ধরে নানা আলোচনা হয়েছে। তবে কোনো কিছুই বাস্তবে রূপ নেয়নি। সকলের প্রচেষ্টায় পাঁচ বছর পর ফিরেছেন শামীম হাসান সরকার। তবে প্রথম উদ্যোগ নেন তৌসিফ মাহবুব।
শামীম হাসান সরকার বলেন, “আমি অনেক কথা বলা মানুষ। কিন্তু আজকে হৃদস্পন্দন বেড়ে গেছে। অনেক কথা বলতে ইচ্ছে করছে। তবে বেশি সময় নেব না। এখানে দাঁড়িয়ে থাকার পেছনে পুরো পরিবারের (ব্যাচেলর পয়েন্ট নাটকের টিম) অবদান রয়েছে। তবে আমার বন্ধু নেহাল অর্থাৎ তৌসিফ মাহবুব ভাইয়ের সবচেয়ে বড় অবদান রয়েছে।”
অভিমান ভেঙে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ফেরার গল্প জানিয়ে শামীম হাসান সরকার বলেন, “পাঁচ মাস আগে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং শুরু করেন। শুটিং সেট থেকে আমাকে মেসেজ দেন—‘মিস ইউ ভাই’। জবাবে বললাম, ‘আমিও আপনাকে মিস করতেছি।’ এভাবেই ফেরার কথা শুরু। আমি বললাম, বয়স আরো কম ছিল। ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। আমিও আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। পরে অমি ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দেন। তৌসিফ ভাই, অমি ভাইকে অসংখ্য ধন্যবাদ।”
“হারিয়ে যাওয়া সন্তান তার পরিবারকে সবচেয়ে বেশি মিস করে। কারণ সে তো পরিবারের পাঁচজনকে মিস করছে। ব্যাচেলর পয়েন্ট নাটকের চ্যাপ্টার টেনের যখন শুটিং করি, তখন একবারের জন্যও মনে হয়নি পাঁচ বছর পর এই টিমের সঙ্গে অভিনয় করছি।” বলেন শামীম হাসান সরকার।
শামীম হাসান সরকারকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক অসম্পূর্ণ ছিল, তা দর্শকদের মতো স্বীকার করে নেন পরিচালক কাজল আরেফিন অমি। তিনি বলেন, “আরেফিনকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ এর অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগেই আবারও ফ্ল্যাটে ফিরছে আরেফিন। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—অনেকদিন পর এই পাঁচ বন্ধুকে একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা শুটিংয়ের সময় পুরো টিমকেই আবেগাপ্লুত করেছে।”
ঈদ স্পেশাল হিসেবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভের চ্যাপ্টার–১০ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এতে থাকছে নতুন ৮টি পর্ব (৭৩–৮০)। এতে দেখা যাবে চিরচেনা চরিত্র আরেফিনকে।