বিনোদন

গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুঞ্জন, মুখ খুললেন স্ত্রী

গতকাল মধ্যরাত থেকে গুঞ্জন উড়ছে—ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ভেসে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন চর্চা চলছে, তেমনই উদ্বিগ্ন শিল্পীর ভক্ত-অনুরাগীরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান। 

স্বামীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে সাবা সানজিদা রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ্য। হাই ব্লাড প্রেসারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।” 

বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে সাবা সানজিদা রহমান বলেন, “যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” 

আগে থেকেই তানজীবের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গতকাল মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। এসব তথ্য জানিয়ে সাবা গণমাধ্যমে বলেন, “ওকে ইমার্জেন্সিতে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। এখনো তানজীব আইসিইউতে চিকিৎসাধীন। সবাই ওর জন্য দোয়া করবেন।” 

সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার খবর ছড়ানোর বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সাবা বলেন, “এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।” 

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে পা রাখেন তানজীব সারোয়ার। একই বছর প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। ২০১৪ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। 

চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। ২০২৩ সালে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এ চলচ্চিত্রের শ্রোতাপ্রিয় ‘গা ছুঁয়ে বলো’ গানটি তাকে দারুণ খ্যাতি এনে দেয়।